পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য প্রত্যাহার করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য (এমইপি) প্রত্যাহার করেছে ভারত সরকার। ফলে এখন থেকে ভারতের ব্যবসায়ীরা যেকোনো মূল্যে অন্য দেশে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। এত দিন প্রতি টন পেঁয়াজ সর্বনিম্ন ৪০০ মার্কিন ডলারে রপ্তানির বিধিনিষেধ ছিল।
ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে পেঁয়াজ আমদানি সহজ হবে বলে অনেকেই আশা করছেন। কিন্তু দেশের বাজারে দাম কমার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) গত বৃহস্পতিবার পেঁয়াজের এমইপি প্রত্যাহার-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে চলতি বছরের আগস্টে ভারত পেঁয়াজের টনপ্রতি এমইপি ৪২৫ ডলার থেকে বাড়িয়ে ৭০০ ডলারে নির্ধারণ করে। তখন বাংলাদেশের বাজারে রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। প্রতি কেজি পেঁয়াজের দাম গিয়ে ঠেকে ১০০ টাকার কাছাকাছি। তাই দাম কমাতে সরকার পেঁয়াজ আমদানি করে। পরে ১১ ডিসেম্বর ভারত পেঁয়াজের এমইপি টনপ্রতি ৭০০ ডলার থেকে কমিয়ে ৪০০ ডলারে নামিয়ে আনে। এখন সেটিও তুলে দিয়েছে।
এদিকে ডিসেম্বরের শুরু থেকে দেশের বাজারে ‘মুড়িকাটা’ খ্যাত নতুন পেঁয়াজ এসেছে। প্রায় পুরো জানুয়ারি মাস নতুন এই পেঁয়াজ মাঠ থেকে বাজারে আসবে বলে জানান ঢাকার ব্যবসায়ীরা।
জানা যায়, পুরান ঢাকার পাইকারি মোকাম শ্যামবাজারে গতকাল মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ ২০-২১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর দেশি পেঁয়াজের পাইকারি দর ১৮-১৯ টাকা কেজি। তবে খুচরা বাজারে দেশি নতুন ও ভারতীয় পেঁয়াজ ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল এমন তথ্যই দিয়েছে। তবে দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে শ্যামবাজারের আমদানিকারক প্রদেশ পোদ্দার গত রাতে প্রথম আলোকে বলেন, ‘ভারত সরকারের নতুন সিদ্ধান্তের কারণে পেঁয়াজের দাম কমবে না। কারণ, এত দিন ১ টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলারে কিনলেও ৪০০ ডলারের ঋণপত্র খুলতে হতো সত্যি। তার মানে এই নয়, আমাদের ওই ২০০ ডলার বেশি দিতে হতো। সেটি আসলে ভারতের ব্যবসায়ীরা পরে সমন্বয় করে দিতেন। কিছুদিন আগে ভারতে পেঁয়াজের দাম বেশি ছিল। তাই আমাদের এখানেও বেড়ে গিয়েছিল। এখন ভারতে নতুন পেঁয়াজ আসায় দাম কমে গেছে। সে জন্য তারা এমইপি তুলে নিয়েছে।’
শ্যামবাজারের আরেক আমদানিকারক রতন সাহা বলেন, ‘পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতিদিনই চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে বাড়ে-কমে। তাই এখনই বলা যাচ্ছে না কাল বা পরশু দাম কমবে নাকি বাড়বে?’ তিনি আরও বলেন, দেশে পেঁয়াজের দাম ইতিমধ্যে সংশোধন হয়ে গেছে। বরং দেশের চাষিরা মুড়িকাটা পেঁয়াজে লোকসান গুনছেন। প্রতি কেজির উৎপাদন খরচ ২৫ টাকা হলেও বাজারে বিক্রি করে এর চেয়ে কম দাম পাচ্ছেন কৃষকেরা।