পেঁয়াজের রপ্তানি মূল্য কমাল ভারত
ভারত পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য (এমইপি) টনপ্রতি ৭০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪০০ ডলারে নির্ধারণ করেছে। পণ্যটির রপ্তানি বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) গত শুক্রবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। খবর এনডিটিভির।
চলতি বছরের আগস্টে ভারত পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য টনপ্রতি ৪২৫ ডলার থেকে বাড়িয়ে ৭০০ ডলারে নির্ধারণ করে। তখন বাংলাদেশের বাজারে রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে ১০০ টাকা পর্যন্ত ওঠে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। আর দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজি।
জানতে চাইলে শ্যামবাজারের পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম ইতিমধ্যে অনেক কমেছে। ফলে ভারত দাম কমালেও দেশের বাজারে প্রভাব পড়বে না।