
প্রায় দুই মাস হলো সুনামগঞ্জের সোহেল মিয়া দেশে টাকা পাঠাননি। কথা ছিল ঈদে একবারেই পরিবারের জন্য এক লাখ টাকা পাঠিয়ে দেবেন। কিন্তু শুক্রবার টাকা পাঠাতে গিয়ে দেখেন, প্রতি পাউন্ডে মিলছে মাত্র ১০৭ টাকা, যা আগের দিনও ছিল ১১৭ টাকা। টাকা না পাঠিয়ে তিনি ফিরে গেলেন। গতকাল সোমবার এসে তিনি দেখেন পাউন্ডের দর আরও পড়ে গেছে। প্রতি পাউন্ডে মিলছে মাত্র ১০৫ টাকা। কদিন পরই ঈদ। পরিবারের লোকজনের ঈদের বাজার করতে হবে। তাই বাধ্য হয়েই তিনি টাকা পাঠালেন।
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার একটি অর্থ প্রেরণকারী প্রতিষ্ঠানের (মানি ট্রান্সফার এজেন্সি) সামনে দাঁড়িয়ে সোহেল মিয়া প্রথম আলোকে বলছিলেন, এক লাখ টাকা পাঠাতে তাঁকে প্রায় এক শ পাউন্ড বেশি গুনতে হলো। বাংলাদেশি টাকায় হিসাব করলে তাঁর এই ক্ষতির পরিমাণ প্রায় ১২ হাজার টাকা।
শুধু সোহেল মিয়া নন, যুক্তরাজ্য থেকে যাঁরা বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, সবাই একই রকম ক্ষতির শিকার হচ্ছেন। এর ফলে কেউ কেউ আবার বাধ্য হয়ে ঈদের বাজেট কমিয়ে দিয়েছেন। হাসান নামের একজন বললেন, তিনি ঈদে বাড়ি পাঠানোর জন্য ৩০০ পাউন্ড বা ৩৬ হাজার টাকা বরাদ্দ করেছিলেন। তিনি ৩০০ পাউন্ড পাঠাচ্ছেন ঠিকই, কিন্তু পাউন্ডের দর পড়ে যাওয়ায় তাঁর পরিবার পাচ্ছে মাত্র ৩১ হাজার টাকা।
গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটানোর পক্ষে রায় দেয় ব্রিটিশরা। এর প্রভাবে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারগুলোতে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের দর অব্যাহতভাবে পড়তে থাকে, যার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাংলাদেশে অর্থ প্রেরণকারী ব্যক্তিরা। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে প্রতি পাউন্ডে ১০৫ টাকা মিললেও অর্থ আদান-প্রদানের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতি পাউন্ডের বিনিময়ে মিলছে মাত্র ১০১ টাকা।
পূর্ব লন্ডনের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এক্সচেঞ্জ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে সাধারণত টাকা পাঠানোর জন্য মানুষ লাইন ধরেন। কিন্তু এখন গ্রাহকের অপেক্ষায় তাঁরা বসে থাকছেন। তিনি বলেন, যাঁরা ঈদ উপলক্ষে কিছু টাকা না পাঠালেই নয়, তাঁরা ছাড়া অন্যরা টাকা পাঠাচ্ছেন না। সারা বছর যে পরিমাণ টাকা যুক্তরাজ্য থেকে পাঠানো হয়, তার অন্তত ২৫ শতাংশ দুই ঈদে পাঠানো হয় জানিয়ে আনিসুর রহমান বলেন, পাউন্ডের আকস্মিক পতনে এবার টাকা পাঠানো প্রায় ৬০ শতাংশ কমে গেছে। আগামী কয়েক দিনে পাউন্ডের দাম আরও কমবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের পঞ্চম বৃহত্তম উৎস যুক্তরাজ্য। ২০১৫-১৬ অর্থবছরে (জুলাই থেকে মে পর্যন্ত) যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স গেছে ৭৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার।
পাউন্ডের এমন দরপতনের প্রভাব বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের ওপরও পড়বে। কেননা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা সাধারণত জাকাতের টাকা বাংলাদেশে নিজ নিজ এলাকার অসহায় মানুষদের জন্য পাঠিয়ে দেন।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী প্রথম আলোকে বলেন, জাকাতের কিছু টাকা তিনি দেশে পাঠিয়েছেন। কিন্তু পাউন্ডের দরপতনের কারণে তা প্রায় এক লাখ টাকা কম হয়েছে। তাই বাকি টাকা না পাঠিয়ে তিনি আপাতত অপেক্ষা করছেন।
যাঁরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করেন, তাঁদের আয়েও সমানভাবে আঘাত হানছে পাউন্ডের দরপতন। বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কনস্যুলার শরিফা খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ যুক্তরাজ্য থেকে যে পরিমাণ আমদানি করে, তার মূল্য ৪৫ কোটি ডলারের বেশি হবে না। কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ২০১৫-১৬ অর্থবছরে (জুলাই-মে) পণ্য রপ্তানির পরিমাণ প্রায় ৩৬৩ কোটি ৮০ লাখ ডলার। ফলে পাউন্ডের এই দরপতন বাংলাদেশের রপ্তানিকারকদের জন্যও ব্যাপক ক্ষতির কারণ। কেননা, তারা পণ্য বিক্রি করে প্রাপ্ত পাউন্ড দিয়ে আগের চেয়ে কম টাকা পাবেন।