প্রথম দিনে চাঙা আলিবাবা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে গতকাল শুক্রবার লেনদেন শুরু হয়েছে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার। প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩৮ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জ্যাক মা ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে আলিবাবার লেনদেন উদ্বোধন করেন।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে প্রযুক্তি-সংশ্লিষ্ট চীনা এই কোম্পানি। আইপিওতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ ডলার।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল যুক্তরাষ্ট্রের বাজারে আলিবাবার প্রতিটি শেয়ার ৯২ দশমিক ৭০ ডলার দরে বিক্রি শুরু হয়। দিন শেষে তা ৯৩ দশমিক ৮৯ ডলারে দাঁড়ায়। লেনদেনের শুরুতেই ১০ লাখের বেশি শেয়ার লেনদেন হয় আলিবাবার।

আইপিওর মাধ্যমে আলিবাবা প্রায় দুই হাজার ১৮০ কোটি (২১.৮ বিলিয়ন) ডলার মূল্যের শেয়ার বাজারে ছেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২৩১.৪ বিলিয়ন ডলার। এই হিসাবে মূলধনের দিক থেকে আমাজন ও ফেসবুকের চেয়ে বড় কোম্পানি আলিবাবা।
পুঁজিবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ আকারের আইপিওর মাধ্যমে পথচলা শুরু হলো প্রযুক্তি-সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটির। এর আগে ২০১২ সালে প্রযুক্তি-সংশ্লিষ্ট আরেক কোম্পানি ফেসবুক এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের শেয়ার ছেড়েছিল। বর্তমানে ফেসবুকের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের বেশি।
চীনে আলিবাবার ৮০ শতাংশ আয় হয় অনলাইন বিক্রির মাধ্যমে। তাওবাও, টিমল ও আলিএক্সপ্রেস আলিবাবার ওয়েবসাইটে অন্তর্ভুক্ত।
মার্চ থেকে জুন সময়ে আলিবাবার মুনাফা হয়েছে প্রায় ২০০ কোটি ডলার।