প্রবৃদ্ধির প্রাক্কলন ৭ দশমিক ১ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদের আপত্তি ছিল, পরামর্শ ছিল নির্বাচন কমিশনেরও। কিন্তু সেসব উপেক্ষা করে সংসদের বাজেট অধিবেশন শুরু করে দিল নরেন্দ্র মোদির সরকার। গতকাল মঙ্গলবার সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। আজ বুধবার পেশ হবে সাধারণ বাজেট, যার অঙ্গ হিসেবে থাকছে রেল বাজেটও।
এই বাজেট পেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘকালীন দুই প্রথারও অবলুপ্তি ঘটালেন। সাধারণ বাজেট পেশের সিদ্ধান্ত নিলেন ২৮ এর বদলে ১ ফেব্রুয়ারি এবং তুলে দিলেন আলাদা করে রেল বাজেট পেশ করার দীর্ঘ ৯২ বছরের প্রথা।
সাধারণ বাজেট পেশ করা হতো ফেব্রুয়ারি মাসের শেষ দিনে, বিকেল চারটায়। ব্রিটিশ শাসনের সময় থেকে প্রচলিত এই প্রথা আংশিকভাবে পরিবর্তন ঘটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ শাসনের সময়। বাজেট পেশের সময় বিকেল চারটা থেকে এগিয়ে আনা হয় বেলা ১১টায়। ভারতীয় সময় বিকেল চারটায় ইংলান্ডের বাজার খোলার সময়। সে কারণেই স্বাধীনতার পরও এই প্রথা চালু ছিল। নরেন্দ্র মোদি এবার বাজেট পেশের দিনও এক মাস এগিয়ে আনলেন, যাতে এপ্রিল মাসের ১ তারিখ নতুন অর্থবর্ষ থেকেই বাজেট প্রস্তাবগুলো কার্যকর করা যায়।
বাজেট অধিবেশনের প্রথম দিন মঙ্গলবার দেশের আগামী বছরের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হলো। সমীক্ষার সুপারিশ, কোনো মানুষই যাতে রোজগারহীন থাকতে না পারে, সে জন্য ‘সর্বজনীন রোজগারের’ ব্যবস্থা করা হোক। প্রস্তাব অনুযায়ী দেশের কর্মক্ষম অথচ কর্মহীন মানুষদের ব্যাংক খাতায় প্রতি মাসে কিছু টাকা সরকার দিক। এই অর্থ দান হবে শর্তহীন।
ভারতের চলতি আর্থিক বছরের বার্ষিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে বলে অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে। আগের তুলনায় এই হার দশমিক ৫ শতাংশ কম। সমীক্ষায় বলা হয়েছে, আগামী অর্থবর্ষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশের মধ্যে।