প্রবৃদ্ধির হার বেড়েছে জাপানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েছে জাপানে। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ। পরপর তিন প্রান্তিকেই প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে দেশটিতে। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির এ দেশটি বিপাকে পড়তে পারে বলে ধারণা করছিলেন বিশ্লেষকেরা। ট্রাম্পের মুক্ত বাণিজ্যবিরোধী মতামতের বাস্তবায়ন হলে ক্ষতির মুখে পড়তে পারে জাপানের রপ্তানি খাত। তবে নির্বাচনের ফলাফলের পর থেকে ডলারের বিপরীতে ইয়েনের দাম কমে যাওয়ায় উপকৃত হচ্ছেন জাপানের রপ্তানিকারকেরা। আগের প্রান্তিকের চেয়ে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শূন্য দশমিক ৫ শতাংশ বেশি হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। এর আগে তা শূন্য দশমিক ২ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছিল।

বর্তমান অর্থনৈতিক অবস্থা দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য একটি সুসংবাদ। তবে অতিরিক্ত রপ্তানি নির্ভরতার কারণে প্রবৃদ্ধির এ হার টেকসই না-ও হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

অর্থনীতিবিদ টাকুজি ওকুবো বলেন, ভোগ খুবই কম, এ ছাড়া মূলধনি ব্যয়ে প্রবৃদ্ধিও খুব কম। জাপান খুব বেশি বাইরের দেশের ওপর নির্ভর করছে।

আগস্টে ২৮ ট্রিলিয়ন ইয়েনের অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ পাস হয় জাপানের পার্লামেন্টে; যা প্রধানমন্ত্রীর ভোগ ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রচেষ্টা বলে মনে করা হচ্ছিল। তবে এই প্রণোদনা প্যাকেজের পরও দেশজ ব্যয় আশানুরূপ না বাড়ায় হতাশ অর্থনীতিবিদেরা।