
বিশ্ব অর্থনীতি কি জোরালোভাবে ঘুরে দাঁড়াচ্ছে? সবাই তা না ভাবলেও বিশ্বের অতি-ধনী ব্যক্তিদের কাছে হয়তো সে রকমটাই মনে হচ্ছে। সমুদ্রবিলাস করার জন্য দামি দামি ইয়টের বা প্রমোদতিরর বিক্রি তুঙ্গে ওঠার মধ্য দিয়ে এর প্রতিফলন ঘটেছে।
২০০৭-০৮ সময়কালের বৈশ্বিক আর্থিক সংকটের পর ইয়টের বেচাবিক্রিতে যে ভাটা ছিল, তা ১৮ মাস ধরে কেটে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ধনকুবেররা ইয়টের চাহিদা বাড়িয়ে দিয়েছেন।
ইতালীয় জাহাজনির্মাতা প্রতিষ্ঠান ফিনক্যানটিয়ের ভিক্টোরি নামের ১৪০ মিটার দীর্ঘ যে প্রমোদতির নির্মাণ করেছে, তা চলতি বছরের মধ্যে সাগরে নামা সবচেয়ে বড় ইয়ট। শুধু তা-ই নয়, এটি এযাবৎকালে নির্মিত সবচেয়ে বড় ইয়টগুলোর মধ্যে নবম। প্রমোদতিরটিতে সাতটি ডেক আর ছয় মিটার দীর্ঘ পুল আছে।
ক্রিস সেইল রাইট ২০ বছর ধরে ইয়ট বেচাবিক্রির দালালি করে আসছেন। তিনি বলেন, এখন ক্রেতারা অনেক বেশি সংবেদনশীল। প্রমোদতির বড় হওয়া এখন আর তাঁদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রমোদতিরটি গুণগতভাবে কতটা উন্নত, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
একটি সুপারইয়টের দাম ১৫ কোটি ডলারের (এক হাজার ৯৬০ কোটি টাকা) বেশি। এর মধ্যে জিমনেসিয়াম, সুইমিং পুল ও বিচ ক্লাব থাকে। বিচ ক্লাব হলো একধরনের কৃত্রিম প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে শিশুরা মনে করতে পারে যে তারা কোনো সাগরসৈকতে রয়েছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে ২২১টি সুপারইয়ট বিক্রি হয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি। আর ২০০৯ সালের প্রথম ছয় মাসে এই ধরনের ৭৪টি প্রমোদতির বিক্রি হয়েছিল। সে হিসেবে বিক্রি বেড়েছে ৬৬ শতাংশ।
নতুন নির্মিত সুপারইয়টের বিক্রিও বাড়ছে। সুপারইয়ট ইন্টেলিজেন্সের তথ্যানুসারে, চলতি বছর ইতিমধ্যে ৩৬০টি প্রমোদতির নির্মিত হয়েছে। আর বছর শেষে তা বেড়ে এই সংখ্যা দাঁড়াতে পারে ৪১১। ২০১৩ সালেও সমপরিমাণ ইয়ট নির্মিত হয়েছিল। অবশ্য আর্থিক সংকট শুরু হওয়ার প্রাক্কালে ২০০৮ সালে ৫৮৭টি ইয়ট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছিল।
প্রমোদতির দালালি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ফ্রেজার ইয়টস জানিয়েছে যে গ্রীষ্ম মৌসুমে ১০ দিনের মধ্যে তারা পাঁচটি ইয়ট সরবরাহ করেছে। অথচ এই সময়টায় সাধারণত ইয়টের বেচাবিক্রি খুব কম থাকে। আর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এডমিস্টন জুন মাসে পাঁচটি বিলাসবহুল ইয়ট সরবরাহ করেছে।
ফ্রান্সের প্রতিষ্ঠান ব্লওয়াটারের কর্মকর্তা ফিলিপ হোলডেন বলেছেন, ‘আমাদের বিক্রিবাট্টা এখন বেশ ভালো। মন্দার আগে যে রকম জমজমাট অবস্থা ছিল, এখন আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি।’
অবশ্য প্রমোদতিরর বিক্রি বাড়লেও দাম এখনো আর্থিক সংকটের আগে যে পর্যায়ে ছিল, তার চেয়ে অনেক কম রয়েছে। তার পরও বিক্রি বাড়ায় অনেক ইয়ট নির্মাতাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এঁরা সবাই আর্থিক সংকটের ফলে ব্যবসায়িকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল। পুরোনো অনেক কোম্পানি বিক্রি হয়ে যায়। নতুন যে প্রতিষ্ঠান এসব কোম্পানি কিনে নেয়, সেসবের বেশির ভাগই আবার চীনা প্রতিষ্ঠান।
ডালিয়ান ওয়ান্দা গ্রুপ চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পত্তি ও বিনোদন প্রতিষ্ঠান। গত বছর প্রতিষ্ঠানটি আয়ারল্যান্ডের এফএল পার্টনারসের কাছ থেকে ইয়ট নির্মাতা সানসিকারের প্রায় ৯২ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ৩০ কোটি পাউন্ডের (তিন হাজার ৯২৪ কোটি টাকা) বিনিময়ে। তার আগে, মানে ২০১২ সালে বিলাসবহুল ইয়ট নির্মাতা ফেরিয়েটিকে কিনে নিয়েছিল শ্যানডঙ হেভি ইন্ডাস্ট্রি।
ইউরোপের বিলাসবহুল ইয়ট নির্মাতাপ্রতিষ্ঠান এনআইএসআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্রিস্টোস লিভাডোস জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রনির্ভর ইয়টের বাজার অনেকটাই সংকটকালীন পূর্ব সময়ের মতো অবস্থায় ফিরে গেছে। তবে ইউরোপনির্ভর বাজার এখনো ধুঁকছে। আর ইউক্রেন সংকটের কারণে অনেক রুশ ক্রেতা বাজার থেকে সরে গেছেন।
যদিও অনেক দিন ধরেই বলা হচ্ছে যে চীন আগামী দিনগুলো অন্যতম বড় ইয়ট নির্মাতা হয়ে উঠবে, অবকাঠামো ঘাটতি ও অভ্যন্তরীণ কিছু বিধিনিষেধের কারণে এ রকমটি সহজে হবে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা।
সুপারইয়ট বিজনেসের সম্পাদক জুলিয়েট বেনিং জানান, সেপ্টেম্বর মাসে মনোকো ইয়ট শো আর অক্টোবর মাসে ফোর্ট লটারডেল প্রদর্শনীর পর সাধারণত হেমন্তকালের শেষ দিকে ইয়টের জন্য কার্যাদেশ দেওয়া হয়।
অনেকে অবশ্য মনে করছেন, আর্থিক সংকটের আগের সেই জমজমাট সময় আর প্রমোদতিরর ব্যবসায় ফিরে আসবে না। ইন্টারন্যাশনাল ইয়ট কালেকশনের সভাপতি বব স্যাক্সসের ভাষায়, ‘মন্দা এত গভীর ছিল যে আমরা হয়তো আর সেই দুর্যোগহীন শান্ত সময় ফিরে পাব না কখনোই।’
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস।