প্লাস্টিক বোতল থেকে হবে লেগো ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা তৈরি করবে বহুজাতিক খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেগো। সম্প্রতি বিবিসিকে কোম্পানিটি জানায়, আগামী দুই বছরের মধ্যে প্লাস্টিক বোতল থেকে তৈরি লেগো ব্লক বাজারে আনবে তারা।

লেগোর কর্মকর্তা টিম ব্রুক্স জানিয়েছেন, দুটি লক্ষ্য রয়েছে তাদের। এক. টেকসই পণ্য তৈরি করা যা বহুদিন টিকবে। এ ছাড়া প্লাস্টিক বোতল থেকে তৈরি লেগোর সঙ্গে এখনকার লেগোর যেন কোনো পার্থক্য না পায় ক্রেতারা।

প্রায় সাড়ে তিন হাজার রকম ব্লক তৈরি করে লেগো। প্রতিবছর প্রায় ১১ থেকে ১২ হাজার কোটি ব্লক তৈরি করে তারা। এর প্রায় ৯৫ শতাংশই তৈরি হয় এবিএস রজন (অ্যাক্রিলোনাইট্রাইল বুটাদিন স্টাইরিন) থেকে। বাকি পাঁচ শতাংশ আসে আখ থেকে তৈরি পলিমার থেকে।

প্লাস্টিকের বোতল থেকে কী পরিমাণ ব্লক তৈরি করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলেনি লেগো। তবে যত দ্রুত সম্ভব, প্লাস্টিকের বোতল ব্যবহার শুরু করতে চায় তারা।
বর্তমানে লেগোর মূল উপকরণ এবিএস তৈরি হয় অপরিশোধিত তেল থেকে। এবিএস যৌগকে বলা হয় বিশুদ্ধ বা ভারজিন প্লাস্টিক। প্লাস্টিক বোতল থেকে ব্লক তৈরি করা সম্ভব হলে বিশুদ্ধ প্লাস্টিকের অপচয়ও কম হবে।

এ ছাড়া লেগো প্রতিবছর ১২ লাখ টন কার্বন নিঃসরণ করে, যার তিন ভাগের এক ভাগ খরচ হয় এবিএস তৈরি করতে। প্লাস্টিক বোতল ব্যবহারে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে পারবে কোম্পানিটি।

পরিবেশ রক্ষায় লেগোর প্লাস্টিক বোতলের ব্যবহার প্রশংসিত হলেও, পরিবেশবিদরা অন্য প্রশ্নও তুলেছেন।

ফ্রেন্ড অব দ্য ওয়ার্ল্ড প্লাস্টিক প্রচারণার প্রচারক ক্যামিলা জের বলেছেন, ‘প্লাস্টিকের পুনর্ব্যব্যবহারের বিষয়টি প্রশংসার দাবিদার হলেও, এটা পৃথিবীর প্লাস্টিক সমস্যা সমাধান করে ফেলবে, এমন ভাবার কোনো কারণ নেই। কারণ, শেষ পর্যন্ত লেগোর ব্লকগুলোও প্লাস্টিক এবং যদি প্রজন্মের পর প্রজন্ম ব্যবহারের উপযোগী করা হয়, তাহলে শেষ পর্যন্ত সেগুলোও প্লাস্টিক বর্জ্যে পরিণত হবে।’