ফখরুদ্দিনের কাচ্চির দিল্লি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল শনিবার ঢাকার ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি খেয়ে তৃপ্ত হন অতিথিরা l ছবি: সংগৃহীত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গতকাল শনিবার ঢাকার ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি খেয়ে তৃপ্ত হন অতিথিরা l ছবি: সংগৃহীত

কথায় বলে, কারও মন জিততে হলে তার রসনা তৃপ্ত করো। রাজধানীর বিশ্ব বাণিজ্য মেলায় ভারতীয়দের মন জেতার কাজটি একাই করে গেল বাংলাদেশের বিখ্যাত রসুই ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি। ১০ দিনের এই মেলায় অন্তত ১০ হাজার দিল্লিবাসী এই প্রথম বুঝলেন, ঢাকাই রান্নার মজাটা কোথায়।
বিশ্ব বাণিজ্য মেলার সেই বিরিয়ানি গতকাল শনিবার ম-ম করে রাখল বাংলাদেশ হাইকমিশনকে। মৌর্য শেরাটন, তাজ প্যালেস, অশোকাসহ রাজধানীর তাবৎ পাঁচতারা হোটেলের হেঁশেল মালিক ও মার্কেটিংয়ের কর্তাদের ডেকে বাংলাদেশের রসুইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সৌজন্যে অবশ্যই ফখরুদ্দিন।
বাংলাদেশের রান্না ও তার বিশেষত্ব, কেন ও কী কী কারণে তা ভারতের পশ্চিমবঙ্গ থেকে আলাদা, তা শুনিয়ে হাইকমিশনারের স্ত্রী তুহফা মোয়াজ্জেম আলী ব্যাখ্যা করেন ফখরুদ্দিন-মাহাত্ম্য। ভিকারুননিসা নূন স্কুলের সামান্য একজন ক্যানটিন বয় হিসেবে জীবন শুরু করে ধীরে ধীরে ফখরুদ্দিন একদিন বাংলাদেশিদের মনে পাকাপাকি জায়গা করে নেন তাঁর কাচ্চি বিরিয়ানির দৌলতে। ১৯৯৫ সালে ফখরুদ্দিনের মৃত্যু হলেও বাবার রান্নার ঐতিহ্য ও বিশেষত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন পুত্র রফিক। দেশের গণ্ডি পেরিয়ে ২০০৬ সাল থেকে ফখরুদ্দিন বিরিয়ানি এখন আন্তর্জাতিক নাম। সিঙ্গাপুর, সিডনি, লন্ডন ও দুবাইয়ে পাকাপাকি ঘাঁটি গেড়েছে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব ও মুর্গ মসল্লাম।
কাচ্চি বিরিয়ানির বিশেষত্ব কী, সৈয়দ মোয়াজ্জেম আলী তা অতিথিদের বুঝিয়ে দেন। ম্যারিনেট করে রাখা মাংস, চাল ও মসলা একই পাত্রে রেখে ঢাকনাটা আটা দিয়ে আটকে কয়লার ঢিমে আগুনে রান্না করা হয় যাতে গন্ধ-বাতাস বাইরে না বেরোতে পারে। বিশ্বস্ত ম্যানেজার রাজ্জাককে পাশে রেখে রফিক বলেন, ‘আমাদের কাচ্চি বিরিয়ানি পরতে পরতে রাখা হয়। মাংস, তার ওপরে ভাত, তার ওপরে মাংস, তার ওপরে ভাত, তার ওপরে মাংস। ঢাকনা আটকানো থাকায় চেখে দেখার উপায় নেই বিরিয়ানিটা ঠিক হলো কি না। আগুনের তাপ, মসলার মাপ, মাংস ও চালের মান এবং আমাদের অভিজ্ঞতা—এই মিলে আমাদের স্পেশাল ঢাকাই কাচ্চি বিরিয়ানি।’
এই স্পেশাল ঢাকাই কাচ্চি বিরিয়ানি দিয়ে দিল্লির দিল জেতার ইচ্ছার কথাই শোনালেন রফিক ও রাজ্জাক। প্রথম আলোকে তিনি বললেন, ‘সে রকম ইচ্ছে নিয়েই তো দিল্লি এসেছি। বাণিজ্য মেলায় যে সাড়া পেয়েছি, তাতে উৎসাহ বেড়ে গেছে।’