ফিলিপসের বাতি ও স্বাস্থ্যসেবা বিভাগ আলাদা করা হচ্ছে
নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি ফিলিপস তার লাইটিং বিজনেস বা বৈদ্যুতিক বাতির ব্যবসাকে হেলথকেয়ার বা স্বাস্থ্যসেবা বিভাগ থেকে আলাদা করার পরিকল্পনা হাতে নিয়েছে।
নতুন দুটি কোম্পানিই ফিলিপস নামটি ব্যবহার করবে এবং তাদের কার্যক্রম পরিচালিত হবে নেদারল্যান্ডস থেকে। ১২০ বছরের পুরোনো এই কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফিলিপস তার যেসব অংশ ভালোমতো চলছিল না, সেগুলো বিক্রি করার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে সার্বিক ব্যবসায়িক কর্মকাণ্ডকে অধিকতর দক্ষ বা গতিশীল করে তোলার প্রচেষ্টা চালিয়ে আসছে।
কোম্পানির প্রধান নির্বাহী ফ্র্যান্স ফন হোটেন বলেছেন, ‘আমরা ফিলিপসকে পরবর্তী শতাব্দীর উপযোগী করে তুলছি।’ তিনি বলেন, ‘কোম্পানির ব্যবসায় সম্প্রসারণে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির প্রশংসা করি আমি। আমরা যেহেতু অব্যাহতভাবে কোম্পানির রূপান্তরের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেহেতু ফিলিপসের পরবর্তী কৌশলগত পদক্ষেপ নেওয়ার এটিই সঠিক সময়।’
ফন হোটেন বলেন, ‘নতুন দুটি কোম্পানিই প্রবৃদ্ধি বাড়াতে ও মুনাফা অর্জনে প্রয়োজনীয় পরিমাণ অর্থ বিনিয়োগে সক্ষম হবে; যা শেষ পর্যন্ত আমাদের গ্রাহক, কর্মীবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ভালো ফল বয়ে আনবে।’
নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান ১৮৯১ সালে লাইটিং বা বৈদ্যুতিক বাতির প্রস্তুতকারক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বাতির ব্যবসাকে আলাদা করা হলে নতুন নতুন বাজারে প্রবেশ করাটা সহজতর হবে এবং বৈদ্যুতিক বাতির বৈশ্বিক বাজারে নেতৃত্বের পর্যায়ে থাকা সম্ভব হবে বলে কোম্পানিটি মনে করে।
ফিলিপস আরও জানিয়েছে, তারা বৈদ্যুতিক বাতির ব্যবসায়ের জন্য ‘বিকল্প মালিকানার কাঠামোয় পরিচালনার অন্যান্য বিকল্প’ নিয়েও চিন্তাভাবনা করছে। যার অর্থ হলো, এর অংশ বিক্রি কিংবা শেয়ারবাজারে আলাদাভাবে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
ফন হোটেন জানান, দুটি ব্যবসাকে আলাদা করতে গিয়ে ২০১৬ সাল পর্যন্ত বছরে তাঁদের খরচ হবে পাঁচ কোটি ইউরো। তবে পুনর্গঠনের ফলে ২০১৫ সালে ১০ কোটি ইউরো ও ২০১৬ সালে আরও ২০ কোটি ইউরো সঞ্চয় হবে।
ফিলিপস জানিয়েছে, ২০১৩ সালে তাদের হেলথকেয়ার বা স্বাস্থ্যসেবা ব্যবসায়ে দেড় হাজার কোটি ইউরো (এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় দেড় লাখ কোটি টাকার সমান) এবং বাতির ব্যবসায়ে সাত শ কোটি ইউরো বিক্রি হয়েছে।
বিশ্বব্যাপী ফিলিপসের বর্তমান জনবল হচ্ছে এক লাখ ১২ হাজার।
এদিকে কোম্পানিকে দুই ভাগ করার ঘোষণা দেওয়ার পরপরই ফিলিপসের শেয়ার দর ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৭ ইউরোতে উন্নীত হয়েছে।
সূত্র: বিবিসি ও এএফপি