ফিলিপাইনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংস্কার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে যাওয়ায় এখন দেশটির মানি লন্ডারিং বা মুদ্রা পাচার প্রতিরোধ আইন আরও কঠোর করা দরকার।
ফিলিপাইনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনের প্রধান চিকাহিসা সুমি গত রোববার এক সাক্ষাৎকারে এ অভিমত দেন। একই সঙ্গে ফিলিপাইনের ব্যাংক গোপনীয়তা আইন আরও শিথিল করে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংককো সেন্ট্রাল এনজি পিলিপিনাসের (বিএসপি) গভর্নর আমান্দো তেতাঙ্কো জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনে তাঁরা আইএমএফের সঙ্গে কাজ করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হ্যাকাররা নিউইয়র্ক ফেডে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০০ কোটি মার্কিন ডলার চুরির
চেষ্টা চালায়। তবে তারা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করতে সক্ষম হয়।
ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার শাখার কয়েকটি হিসাব হয়ে দেশটির ক্যাসিনোতে (যেখানে জুয়া খেলার আসর বসে) চলে যায়। এতে সহায়তা করেন আরসিবিসির ওই শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও কাস্টমার রিলেশন ম্যানেজার অ্যাঙ্গেলা টরেস। তারা অবশ্য তদন্ত ও বিভিন্ন পর্যায়ে শুনানির পর বরখাস্ত হন। পাশাপাশি ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তান পদত্যাগ করতে বাধ্য হন। এখন তাঁদের সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
এ ছাড়া মানি এক্সচেঞ্জ বা মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিসেসের লাইসেন্স বাতিল করা হয়। মামলাগুলো করেছে আরসিবিসি ও ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।