বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনা
ফিলিপিনো শ্রমিকদের অর্থ প্রেরণে ১৭ দেশের নিষেধাজ্ঞা
বিশ্বের ১৭টি দেশ বা অঞ্চল থেকে ফিলিপাইনের প্রবাসী শ্রমিকেরা নিজ দেশের কোম্পানির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে পারবেন না।
ওই সব দেশ ও অঞ্চল এ প্রক্রিয়ায় ফিলিপাইনের অর্থ লেনদেন বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো হংকং, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, পাপুয়া নিউগিনি, ব্রুনেই, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স এবং কমনওয়েলথভুক্ত উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান অঞ্চল।
ফিলিপাইনের সিনেটর পদপ্রার্থী সুসান টুটস ওপেল সেই দেশের গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির ইস্যুতে যদি যথাযথভাবে পদক্ষেপ নেওয়া না হয়, তবে তা ক্ষতিকর হতে পারে ফিলিপাইনের প্রবাসী শ্রমিকদের জন্য। এ ইস্যুতে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) ফিলিপাইনকে কালো তালিকাভুক্ত করতে পারে।
উল্লেখ্য, এফএটিএফ হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সারা বিশ্বে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন মোকাবিলায় কাজ করে থাকে।