বড় ঋণখেলাপিদের তালিকা চেয়েছেন ভারতের আদালত
৫০০ কোটি রুপির বেশি ঋণ নিয়ে খেলাপি হয়েছেন—এমন ব্যক্তিদের বিস্তারিত তথ্যসহ একটি পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছেন দেশটির উচ্চ আদালত। তালিকা তৈরি করতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে (আরবিআই) আদালত ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হয়েছেন এমন ব্যক্তিদের তালিকাই জমা দিতে বলা হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমসের।
আদালতের নির্দেশ অনুযায়ী, ঋণখেলাপিদের তালিকা তৈরির পাশাপাশি আরবিআইকে গত পাঁচ বছরে পুনর্গঠন করা ঋণের হিসাবও দিতে হবে। একই সঙ্গে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মন্দ ঋণ অবলোপন (রাইট অফ) করেছে, তা জমা দিতে হবে এফিডেভিটসহ।
ভারতের প্রধান বিচারপতি পি এস ঠাকুর এর আগে একটি মামলার শুনানির সময় এই রায় দেন। ওই মামলায় আরবিআই অভিযুক্ত পক্ষ হিসেবে জড়িত না থাকলেও এই আদেশ দেন ভারতের প্রধান বিচারপতি। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাংক তাদের বিশাল অঙ্কের মন্দ ঋণ অবলোপন করেছে, যা আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ইতিবাচক নয়।