বন্ধ হয়ে গেল ২৪৩ বছরের পুরোনো কোম্পানির শেষ স্টোর
আর কোনো স্টোর থাকছে না যুক্তরাজ্যের বিখ্যাত খুচরা বিক্রয় পণ্যের প্রতিষ্ঠান ডেবেনহ্যামসের। গতকাল শনিবার বন্ধ করে দেওয়া হয় ২৪৩ বছরের পুরোনো এই কোম্পানির শেষ স্টোরের দরজা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের জানুয়ারিতে ডেবেনহ্যামসকে কিনে নেয় অনলাইন ফ্যাশন পণ্যসামগ্রীর খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বুহু গ্রুপ। সাড়ে পাঁচ কোটি পাউন্ডে এই লেনদেন হয়। এখন থেকে কেবল অনলাইনে বিক্রি চলবে এই কোম্পানির।
সপ্তাহ দুই আগে যুক্তরাজ্যে লকডাউন শিথিলের পর ডেবেনহ্যামসের ৯৭টির স্টোর আবার খোলা হয়। সব পণ্য বিক্রি করে দেওয়া হয়। ধীরে ধীরে দুই সপ্তাহের মধ্যে সব কটি স্টোর বন্ধ হয়ে যায়।
একসময় যুক্তরাজ্যজুড়ে প্রায় দেড় শতাধিক স্টোর ছিল ডেবেনহ্যামসের। রমরমা ছিল ব্যবসা। তবে বেশ কয়েক বছর ধরেই বিক্রি কমে গিয়েছিল এটির। ২০১৯ সালে প্রশাসনের নিয়ন্ত্রণে চলে যায়। তবে কোম্পানিটির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে করোনার সময়ে। গত ডিসেম্বরে ডেবেনহ্যামসের পক্ষ থেকে জানানো হয়, ২৪২ বছরের ব্যবসায়িক পাট চুকিয়ে বন্ধ হতে যাচ্ছে ডেবেনহ্যামস। সে সময় কোম্পানির প্রায় ১২ হাজার কর্মীর চাকরি ঝুঁকিতে পড়ে। পরে ডেবেনহ্যামস কিনে নেয় বুহু।
ব্রিটিশ এই বহুজাতিক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ১৭৭৮ সালে। এর প্রতিষ্ঠাতা উইলিয়ামস ক্লাক। একটি মাত্র শোরুম নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটির একসময় যুক্তরাজ্যে ১৫০টিরও বেশি শোরুম হয়। ডেবেনহ্যামস, ডেনমার্কের চেইনশপ মাগাসিন ডু নর্ডের অধীনে ব্যবসা পরিচালনা করে আসছে। পোশাক, জুতা, প্রসাধনী, ইলেকট্রনিকস, উপহার ও গৃহসামগ্রী এবং আসবাবপত্র বিক্রি করে কোম্পানিটি।
১৯৫০ সালে যুক্তরাজ্যের সবচেয়ে বৃহৎ ডিপার্টমেন্ট স্টোর ছিল ডেবেনহ্যামস। সে সময় এর স্টোরের সংখ্যা ছিল ১১০। বেশ ভালোভাবেই চলছিল সব। তবে কয়েক বছর ধরে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হওয়ায় ধুঁকতে শুরু করে ডেবেনহ্যামস।