শেষ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক খাদ্যপণ্যের মেলা ‘সিয়াল ফেয়ার’। গতকাল বৃহস্পতিবার শেষ হওয়া ছয় দিনের এই মেলা থেকে নতুন বাজারে যোগাযোগ সৃষ্টি, পণ্যবৈচিত্র্য সম্বন্ধে ধারণা লাভ এবং সম্ভাব্য রপ্তানি আদেশ নিয়েই দেশে ফিরছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।
প্যারিসের নর্দ ভিলেপিন্তে মিলনায়তনজুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। ১০৫টি দেশের সাত হাজারের বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। নিজ নিজ বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বাজার তৈরি করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন কয়েক লাখ আমদানিকারকও। বাংলাদেশি খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রাণ, সজীব, বোম্বে সুইটস, ড্যানিশ, গ্লোবাল ফুডস, এলিন, এসিআইসহ মোট সাতটি প্রতিষ্ঠান এবারের সিয়াল ফেয়ারে অংশ নেয়। এর মধ্যে প্রাণ ১৬ বছর ধরে এ মেলায় অংশ নিচ্ছে। এবার প্রাণের পাশাপাশি সজীব ও বোম্বে সুইটস নিজ উদ্যোগে মেলায় অংশ নেয়। বাকি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তত্ত্বাবধানে বাংলাদেশ প্যাভিলিয়নে স্টল নেয়। এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও প্রস্তুতি নিয়ে এসব প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে চায়।
প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, ইউরোপ, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের আমদানিকারকেরা বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তবে সবচেয়ে বেশি সাড়া মিলেছে আফ্রিকার দেশগুলো থেকে।
প্রাণের রপ্তানিবিষয়ক প্রধান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এবারের মেলায় তাঁরা প্রায় আড়াই মিলিয়ন ডলারের তাৎক্ষণিক রপ্তানি আদেশ পেয়েছেন। এটা কেবল নতুন ক্রেতার হিসাব। রপ্তানি আদেশের চেয়ে মেলায় নতুন বাজারে যোগাযোগ সৃষ্টি এবং বৈশ্বিক বাজার সম্পর্কে ধারণা নেওয়ার লক্ষ্যটাই থাকে বেশি। আর বৈশ্বিক খাদ্যপ্রবণতার যে ধারণা তাঁরা পেলেন, এর ওপর ভিত্তি করে আগামী এক বছরে প্রাণ অন্তত অর্ধশতাধিক পণ্য বাজারে নিয়ে আসবে। মিজানুর রহমান আরও বলেন, সহনীয় দামে ঝটপট স্বাস্থ্যকর খাবারের দিকেই ঝুঁকছে বিশ্ব। আবার ডায়াবেটিস, অ্যালার্জির মতো বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি হচ্ছে খাবার। আছে চকলেট কিংবা বিস্কুটের মতো খাবারে মানসম্মত পুষ্টিযোগের নতুন কৌশল। এসব বিষয়কে মাথায় রেখে দেশীয় ও আন্তর্জাতিক বাজার দখলে প্রচেষ্টা চালাবে প্রাণ। প্রাণ বিশ্বব্যাপী ১৩০টি দেশে পণ্য রপ্তানি করত। এই মেলার মাধ্যমে আরও ডজন খানেক দেশে রপ্তানি বাড়বে।
সজীব গ্রুপের পরিচালক এম এ হাশেম জানান, তাঁর প্রতিষ্ঠান প্রথমবারের মতো মেলায় অংশ নিয়ে প্রায় এক মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে। এর মাধ্যমে তিনটি নতুন দেশের বাজারে প্রবেশ নিশ্চিত হয়েছে। বোম্বে সুইটসের কর্মকর্তাও জানালেন যে মেলায় বেশ ভালো সাড়া মিলেছে তাঁদেরও।
তবে ইপিবির মাধ্যমে বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ জানালেন। ভিসা জটিলতা ও প্যাভিলিয়নের সাজসজ্জার ঘাটতির জন্য তাঁরা ইপিবির কাজের সমন্বয়হীনতাকে দায়ী করেন। মেলা নিয়ে আগাম প্রস্তুতিমূলক কোনো বৈঠকও ইপিবি করেনি। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন দলনেতা। তাঁর বিরুদ্ধেও নানা অভিযোগ প্রায় সবার।