বাংলাদেশের অভিজ্ঞতা মিয়ানমারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে টেলিনরের কার্যালয়ে এক বিদেশিসহ বাংলাদেশি তিন কর্মকর্তা
মিয়ানমারে টেলিনরের কার্যালয়ে এক বিদেশিসহ বাংলাদেশি তিন কর্মকর্তা

২৫ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১১ জানুয়ারি ২০১৫। তিন মাস ১৭ দিনের ব্যবধানে নরওয়ের টেলিফোন কোম্পানি টেলিনর মিয়ানমারে অসম্ভবকে সম্ভব করেছে। আগে যেখানে প্রতিটি সিমকার্ড বিক্রি হতো ২০০ মার্কিন ডলারে, এখন তারা বিক্রি করছে মাত্র দেড় ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১১৭ টাকা)। তাদের গ্রাহকসংখ্যা ২০ লাখ।
টেলিনর এশিয়ায় প্রথম পা রাখে বাংলাদেশে ১৯৯৬ সালে, গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে। বাংলাদেশেও গ্রামীণফোন আসার আগে মোবাইল ফোনের একটি সংযোগ নিতে লাখ টাকার ওপর লাগত। কলচার্জও ছিল অনেক বেশি। গুটিকয় বিত্তবান মানুষের বাইরে কারও পক্ষে মোবাইল ফোন ব্যবহার করা ছিল দুঃসাধ্য।
কিন্তু গ্রামীণফোন এসেই বিপ্লব ঘটিয়ে দিল। এরপর আরও অনেক প্রতিষ্ঠান এসেছে টেলিযোগাযোগ খাতে। বাংলাদেশে এখন ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ১২ কোটি মোবাইল ফোন ব্যবহার করেন। এককভাবে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটির বেশি। মিয়ানমারে মোবাইল সেবা এসেছে আরও পরে। সরকারি সংস্থা এমপিটির পর বেসরকারি টেলিনর ও ওরিডো কার্যক্রম শুরু করেছে গেল বছর।
টেলিনর বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিয়ানমারে সাফল্য পেয়েছে। মিয়ানমারে বাড়তি সুবিধা হলো বাংলাদেশে যখন মোবাইল ফোন কার্যক্রম শুরু হয়, তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। এখন প্রযুক্তির প্রসার ঘটেছে। ফলে একই সঙ্গে তারা টুজি ও থ্রিজি নিয়ে বাজারে আসতে পেরেছে। যেকোনো গ্রাহক কথা বলার পাশাপাশি তথ্যসেবা সুবিধাও পাচ্ছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, মিয়ানমারে মোবাইল ফোন সেবার প্রসার ঘটলে কেবল টেলিযোগাযোগ ব্যবস্থারই উন্নতি হবে না, মানুষের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে। কেননা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্যবিষয়ক তথ্য তখন সবার হাতের নাগালে চলে আসবে।
বর্তমানে ইউরোপ ও এশিয়ার ১৭টি দেশে টেলিনরের কার্যক্রম রয়েছে, যার গ্রাহকসংখ্যা ১৭ কোটি ৯০ লাখের বেশি। বিশ্বপরিসরে টেলিনর ৫০০ শীর্ষস্থানীয় কোম্পানির অন্যতম। ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ১৬০ বছর ধরে টেলিযোগাযোগ সেবা দিয়ে আসছে। বিশ্বব্যাপী টেলিনরের কর্মীসংখ্যা ৩৩ হাজার, যার মধ্যে এশিয়ায় ২১ হাজার। ২০১৩ সালে টেলিনর আয় করেছে ১ হাজার ৯০০ কোটি ডলার। এই আয়ের ৪৩ শতাংশই এসেছে এশিয়া থেকে। এই মহাদেশে বাংলাদেশ ও মিয়ানমার ছাড়া থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও মালয়েশিয়ায় টেলিনরের ব্যবসা আছে।
টেলিনর মিয়ানমারের সিইও জানান, সেখানে টেলিনরের প্রাথমিক বিনিয়োগ ১০০ কোটি ডলার, যার অর্ধেকই দিতে হয়েছে লাইসেন্স ফি হিসেবে। মিয়ানমারে তাদের কার্যক্রম শুরু হয় মান্দালেতে, পরে ইয়াঙ্গুন ও নেপিডোতেও তারা গ্রাহকসেবা সম্প্রসারিত করেছে।
১১ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় আমরা যখন ইয়াঙ্গুনের বাহান টাউনশিপে অবস্থিত টেলিনর মিয়ানমারের সদর দপ্তরে পৌঁছাই, তখন দেখি ভবনটি নীলে নীলে সজ্জিত। ভবনের ভেতরে-বাইরে টেলিনরের নীল লোগো ও ব্যানারে সাজানো। কর্মীদের পরনেও নীল রঙের পোশাক। হাসিমুখে সবাই কাজ করছেন। গ্রাহকদের সেবা দিচ্ছেন।
আগের রাতেই মিয়ানমারে টেলিনরের কার্যক্রম সম্পর্কে আমাদের ব্রিফ করেছিলেন টেলিনরের এশীয় আঞ্চলিক কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট টর ওডল্যান্ড। এই কর্মকর্তা তাঁর সিঙ্গাপুর অফিস থেকেই এশীয় অঞ্চলের ছয়টি দেশের কার্যক্রম তদারক করেন। তিনি আমাদের পরিচয় করিয়ে দিলেন টেলিনর মিয়ানমারের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ফারবার্গের সঙ্গে। আলোচনা প্রসঙ্গে ফারবার্গ জানান, ২০১৭ সাল নাগাদ তাঁরা মিয়ানমারের সব নাগরিকের কাছে মোবাইল ফোন সেবা এবং ৮০ ভাগ গ্রাহকের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছাতে পারবেন বলে আশা করছেন। বর্তমানে মাত্র ১৫ শতাংশ মানুষ এই সুবিধা পাচ্ছেন।
পিটার ফারবার্গ আরও জানান, মিয়ানমারে টেলিনরের ৩০০টি বিক্রয়কেন্দ্র ও তিন হাজার প্রদর্শনী কেন্দ্র (আউটলেট) আছে।
টেলিনর অফিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমরা আশপাশের কয়েকটি বিক্রয়কেন্দ্র ঘুরে দেখলাম। স্থানীয় কয়েকজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, টেলিনরের সেবায় গ্রাহকেরা ভীষণ খুশি। ইয়াঙ্গুনের প্রায় সব এলাকায় টেলিনরের বিক্রয়কেন্দ্র আছে। কোথাও দোকানে, কোথাও বাস স্টপেজে, কোথাও হোটেল-রেস্তোরাঁয় তাঁরা গ্রাহকসেবা দিচ্ছে। প্রতিটি বিক্রয়কেন্দ্র বেশ সাজানো-গোছানো। স্থানীয় বিক্রয় প্রতিনিধিরা ইংরেজি না জানলেও অসুবিধা নেই। সবার কাছে ক্যালকুলেটর আছে; সেটি দিয়েই তাঁরা পণ্য বা সেবার মূল্যের অঙ্ক দেখিয়ে দেন।
টেলিনর অফিসেই পরিচয় হলো মিয়ানমার টেলিনরের তিন শীর্ষ বাংলাদেশি কর্মকর্তার সঙ্গে। তাঁরা হলেন টেলিনর মিয়ানমারের করপোরেট রেসপনসিবিলিটি বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আবু হাসনাত মোহাম্মদ সুলতানুর রেজা, ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) বিভাগের প্রধান সনদ পাল চৌধুরী ও ইমপ্লিমেন্টেশন বিভাগের প্রধান শানসিল আহমেদ শিবলি। এ ছাড়াও বিভিন্ন বিভাগে ১২ জন বাংলাদেশি কর্মকর্তা আছেন।
দেশের বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তাঁরা খুশি। সেখানে তাঁরা বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। টেলিনর মিয়ানমারের দ্রুত প্রসারের পেছনে রহস্যটি কী?—এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানালেন, স্বল্প খরচে উন্নতমানের সেবা দেওয়া। মিয়ানমার টেলিনরের কার্যক্রম বাড়াতে সারা দেশেই মুঠোফোন টাওয়ার নির্মাণের প্রস্তুতি চলছে। সেই সুবাদে কিছু সাধারণ কর্মীও বাংলাদেশ থেকে যাচ্ছেন। এঁরা টেলিনরের সরাসরি কর্মী নন, বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছেন।
মিয়ানমারে কার্যক্রম শুরুর সময় সিইও পিটার ফারবার্গ বলেছিলেন, মোবাইল সেবা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে রাখা হবে এবং সহজলভ্য করা হবে। তিনি কথা রেখেছেন। এ কারণেই টেলিনর মিয়ানমার কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে।