বাংলাদেশের চন্দ্রশেখর ভারতে ক্ষুদ্রঋণ ব্যাংকের প্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রশেখর ঘোষ
চন্দ্রশেখর ঘোষ

বাংলাদেশে চালু হওয়া ক্ষুদ্রঋণ কার্যক্রম পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে পড়ার খবরটি এখন পুরোনো। নতুন খবর হলো, এবারে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের আদলে প্রতিবেশী ভারতেও যাত্রা শুরু করছে নতুন এক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বন্ধন ব্যাংক। তা-ও আবার গোটা ভারতজুড়ে এক দিনে ২৭ রাজ্যে ৫০১টি শাখা ও ২৫০টি এটিএম উদ্বোধনের মাধ্যমে শুরু হবে ব্যাংকটির অভিযাত্রা।
এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হলেন চন্দ্রশেখর ঘোষ নামের এক বাঙালি ব্যাংকার; যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকে এক যুগ কাজ করেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে আসেন। তাঁর পিতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন।
চন্দ্রশেখর ঘোষ কলকাতায় প্রথমেই পারিবারিক ব্যবসায় সম্পৃক্ত হন। এরপরে ২০০১ সালের নভেম্বরে দুই লাখ রুপি মূলধন নিয়ে গড়ে তোলেন ‘বন্ধন’ নামে একটি এনজিও। ২০০৯ সালে এই বন্ধনের নিবন্ধন হয় নন-ব্যাংকিং ফিন্যান্স কোম্পানি (এনবিএফসি) বা অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে। আর ২০১৪ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বন্ধনকে ব্যাংক হিসেবে লাইসেন্স দেয়। বন্ধন ব্যাংকই হলো ভারতে ব্যাংকিং কার্যক্রমের লাইসেন্স পাওয়া প্রথম এনবিএফসি।
ভারতের কেন্দ্রীয় অর্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলি আজ রোববার বেলা ১১টায় কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে এ ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ব্যাংকটি ১১ হাজার কোটি রুপির মূলধন ও ২১ হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করছে। এর প্রধান কার্যালয় কলকাতায়। প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে ব্যাংকটির ২৪৭টি শাখা খোলা হচ্ছে।
জানা গেছে, এই ব্যাংক শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঋণ বিতরণেই বেশি জোর দেবে।