বাংলাদেশের বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সংশোধিত ট্যারিফ আইনে বাংলাদেশের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। আইনটি জোরপূর্বক শিশুশ্রম ছাড়া অন্য কোনো শিশুশ্রমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে জোরপূর্বক বা সাজাপ্রাপ্ত কয়েদির শ্রমে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রোববার এসব কথা জানান তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান।
মানুষকে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করে উৎপাদন করা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে নিষিদ্ধ করা হয়েছে। এ লক্ষ্যে ১৯৩০ সালের ট্যারিফ আইন সংশোধন করেছে দেশটি। গত বুধবার এই আইন সংশোধনের বিলে সই করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পরে বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় দাস শ্রমিকদের দিয়ে ধরা মাছ, আফ্রিকায় সোনার খনি থেকে শিশুশ্রম ব্যবহার করে উত্তোলিত সোনা এবং বাংলাদেশে নির্যাতিত নারীদের দিয়ে তৈরি করা পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে পারবে না।
প্রকৃত অবস্থা জানতে গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে মাহমুদ হাসানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তখন তিনি খোঁজখবর নিয়ে প্রতিক্রিয়া দেবেন বলে জানান। গতকাল তিনি বলেন, ‘বিষয়টির বিষয়ে পরিষ্কার ধারণা পেতে মার্কিন দূতাবাসে ই-মেইল করি। আজ (গতকাল) দূতাবাসের শ্রম-বিষয়ক কর্মকর্তা পাউলা এলবার্টসন জবাব দেন।’
পাউলা এলবার্টসন জানান, বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক পোশাক খাতে শিশুশ্রমিক আছে। তবে কোনো জোরপূর্বক শ্রম নেই।
পাউলার ই-মেইলের বরাদ দিয়ে মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সংশোধিত ট্যারিফ আইন নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই। কারণ আমাদের কারখানায় শিশুশ্রম কিংবা জোরপূর্বক শ্রমের মতো কোনো বিষয়ের অস্তিত্ব নেই।’