বাইডেন–যুগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্য বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা ভাইস প্রিমিয়ার লু হি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন টাই
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন টাই এবং চীনা ভাইস প্রিমিয়ার লু হি ভার্চ্যুয়ালি এ বৈঠক করেন। বৈঠকে স্পষ্ট ও ইতিবাচক আলোচনা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উভয় পক্ষই জানিয়েছে যে টাই এবং লু হি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিস বলছে যে টাই এবং লু হি বাইডেন-হ্যারিস প্রশাসনের শ্রমিককেন্দ্রিক বাণিজ্যনীতি ও মার্কিন-চীন বাণিজ্য সম্পর্কের চলমান পর্যালোচনা নিয়ে আলোচনা করেছেন।

পাশাপাশি উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করেছেন। এ ছাড়া তাঁরা তাঁদের আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।

অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে ক্যাথরিন টাই এবং লু হি সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে স্পষ্ট, বাস্তববাদী ও গঠনমূলক আলোচনা করেছেন। এ ছাড়া উভয় পক্ষ থেকেই দ্বিপক্ষীয় বাণিজ্যের বিকাশকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়।

এ আলোচনার আগে ক্যাথরিন টাই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বলেন, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো ‘অনেক বড় চ্যালেঞ্জ’ মোকাবিলা করছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে তিক্ত বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। পরে গত বছরের জানুয়ারিতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি একটি চুক্তি করে। সেই চুক্তিতে বেইজিং ২০২০ ও ২০২১ সালে কমপক্ষে ২০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য ও পরিষেবা ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতি দেয়।

ক্যাথরিন টাই আরও বলেন, এই চুক্তির শর্তগুলো বেইজিং পূরণ করেছে কি না, তা তিনি পর্যবেক্ষণ করছেন।

বিশ্লেষকেরা বলছেন, চীন মার্কিন পণ্য কেনার যে চুক্তি করেছিল, তার ৪০ শতাংশই পূরণ করেনি। তবে এখন পর্যন্ত বাইডেন প্রশাসন তার উত্তরসূরির দেখানো পথে চলেননি।