বাজার ধরতে চীনে পশ্চিমা ব্র্যান্ডের 'ই-অভিযান'

চীনের মধ্যবিত্তরা কেনাকাটা করতে বেশ পছন্দ করে। আর তারা এখন ক্রমেই অনলাইনে বেশি কেনাকাটা করছে। এখন অন্তত ৩০ কোটি অনলাইন ক্রেতা আছে। এই ক্রেতাদের আকৃষ্ট করতে পশ্চিমা ব্র্যান্ডগুলো উঠেপড়ে লেগেছে।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্যের দুটি ফ্যাশন ব্র্যান্ড টপশপ ও মিস সেলফ্রিজ ঘোষণা করেছে যে তারা চীনে অনলাইনে বেচাবিক্রির কার্যক্রম শুরু করবে। এই ঘোষণার কিছুদিন আগেই চীনে অনলাইনে বেচাবিক্রির কার্যক্রম শুরু করেছে অনলাইনের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাসোস। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাপ ও বারবেরি।
চীনে অনলাইন ফ্যাশন বাজার অনেক বড়। দিন দিন এটি আরও বড় হচ্ছে। একই সঙ্গে এখানে প্রতিযোগিতাও অত্যন্ত তীব্র। সহজে কেউ এই বাজারে প্রবেশ করতে পারে না। প্রবেশ করলেও বাজার ধরা বেশ কঠিন ব্যাপার, তা যত বড় ব্র্যান্ডই হোক না কেন।
টপশপের কর্ণধার স্যার ফিলিপ গ্রিন অনেক দিন ধরেই হংকংয়ে অবস্থিত দুটি দোকান সম্প্রসারণ করতে চাইছিলেন চীনের মূল ভূখণ্ডে। শেষ পর্যন্ত তা করলেন বটে, তবে অনলাইনে। এখন চীনের ফ্যাশন বাজারের জনপ্রিয় ওয়েবসাইট শাংপিন ডট কম। এদের মাধ্যমেই আপাতত টপশপের বেচাকেনা সম্পন্ন হবে।
অন্যদিকে গত বছর অ্যাসোস বেছে নিয়েছে আলিবাবা পরিচালিত কেনাকাটার ওয়েবসাইট টিমলকে। উল্লেখ্য, আলিবাবা হলো সবচেয়ে বড় ই-কমার্স বা ই-বাণিজ্য ওয়েব পোর্টাল।
শাংপিন ডট কমের দাবি, তাদের বার্ষিক গ্রাহক এখন ৫০ লাখ। আর টিমলসহ আলিবাবার বিভিন্ন ওয়েবসাইটে এ বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে ২৫ কোটি ক্রেতা সক্রিয় ছিল। এরা এক বা একাধিকবার কেনাকাটা করেছে।
অ্যাসোস জানিয়েছে, সাম্প্রতিককালে তারা বড় ধরনের লোকসান গুনেছে। এত দিন তারা নিজেদের চৈনিক ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির চেষ্টা চালিয়েছে। তবে টিমলের ওয়েব ব্যবহার শুরু করায় এখন তারা ভালো সাড়া পাবে বলে মনে করছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিদেশি ব্র্যান্ডগুলোর চীনের বাজারে বেশি খরচ বহন করতে হচ্ছে। এর জন্য আংশিক দায়ী কর ও পরিবহন ব্যয়। তবে তারা তাদের পণ্যের গুণগত মান ও সুনামের জন্য কিছু অধিমূল্য (প্রিমিয়াম) আরোপ করতে পারে, যা স্থানীয় ব্র্যান্ডগুলো পারে না। আর চীনা ক্রেতারাও সাধারণভাবে এটা মনে করে যে বিদেশি ব্র্যান্ডের পণ্য তুলনামূলকভাবে স্টাইলিশ ও উন্নতমানের। অন্যদিকে চীনা ব্র্যান্ডের পণ্যগুলো দ্রুত বাজারে আসে ও সস্তায় তৈরি হলেও বিপণন কার্যক্রম খুব দুর্বল।
যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা ব্র্যান্ড গ্যাপ জানিয়েছে যে তারা আগামী তিন বছরে চীনে তাদের বিক্রি ৩০ কোটি ডলারে উন্নীত করবে। টিমল ওয়েবের পাশাপাশি নিজেদের চৈনিক ওয়েবসাইটকে কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি। বর্তমানে চীনজুড়ে ৮১টি দোকান রয়েছে গ্যাপের। তবে এই বছর আরও ৩০টি দোকান খুলতে চায় গ্যাপ।
বিশ্লেষকেরা বলছেন, চীনে এখন ছোট-বড় এত ব্র্যান্ড বাজারে সক্রিয় যে বাজারে টিকে থাকতে হলে স্বতন্ত্র কিছু করতে হবে। নিজেদের সুন্দর দোকান এর অন্যতম শর্ত। তবে চীনে ব্যবসা করে টাকা কামানো আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।