
প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের (২৫ জানুয়ারি) কুচকাওয়াজ দেখতে আসছেন বারাক ওবামা। তবে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বর্তমানে বছরে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। সেটাকে ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দুই দেশ। ওবামাই হচ্ছেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি তাঁর ক্ষমতার দুই মেয়াদেই ভারত সফর করছেন। এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবার ভারত সফরে আসেন তিনি।
তবে এবার মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। কারণ, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন বর্তমান সরকারকে মনে করা হয় ব্যবসাবান্ধব সরকার।
যুক্তরাষ্ট্রে ভারতের সাবেক এক রাষ্ট্রদূত এ প্রসঙ্গে বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্টের এই সফর। এ সফর তাৎক্ষণিক সফলতা আনতে না পারলেও তা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।
২০১৪ সালের মে মাসে ক্ষমতায় আসার পর বাণিজ্য বাড়াতে নরেন্দ্র মোদি বেশ কিছু নতুন পদক্ষেপ নেন। বহুজাতিক কোম্পানিগুলোর দাবি অনুযায়ী কর-ব্যবস্থায় সংস্কার ও পরিবর্তন আনেন। ভারতে বিদেশি প্রতিষ্ঠানগুলো যাতে সহজে ব্যবসা করতে পারে, সে জন্য অবকাঠামো উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতেও কাজ করছে সরকার। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে ‘ভারতে বানাও’ কর্মসূচির আওতায় অনেক বাড়তি সুবিধা ঘোষণা করেন মোদি।
বিমা খাতে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে আইন পরিবর্তন করেছে ভারত সরকার। ভারতের বর্তমান বিমা আইন অনুযায়ী বিদেশি প্রতিষ্ঠানগুলো ৪৯ শতাংশ শেয়ারের মালিকানা কিনতে পারবে, যা আগে ছিল ২৬ শতাংশ। মার্কিন ও ইউরোপীয় কোম্পানিগুলো ২০০৮ সালের বৈশ্বিক মন্দার পর থেকেই ভারত সরকারের কাছে এ দাবি করে আসছিল।
মার্কিন প্রতিষ্ঠানগুলো ভারতকে সব সময়ই লাভজনক একটি বাজার হিসেবে বিবেচনা করে আসছে। ভারত-মার্কিন বাণিজ্য সমতায় যুক্তরাষ্ট্র বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতে ৩ হাজার ৯১৪ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ২ হাজার ২৫০ কোটি ডলারের পণ্য।
ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আরেকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঁচামালের সরবরাহকারী দেশ হিসেবে চীনের প্রতি অতিনির্ভরশীলতা কমাতে চায় যুক্তরাষ্ট্র। ভারত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও বেশি করে পণ্য নিতে ভারত সরকারের চলমান সংস্কার কার্যক্রমে খুশি মার্কিন কোম্পানিগুলো।
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের (আইসিডব্লিউএ) মহাপরিচালক রাজিব ভাটিয়া বলেন, ভারত সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ওপর যুক্তরাষ্ট্র সতর্ক দৃষ্টি রাখছে। তারা পদক্ষেপগুলোর সঠিক বাস্তবায়ন চায়। এশিয়ায় শুধু চীনের সঙ্গে জোট করা যে ভুল সিদ্ধান্ত ছিল, সেটাও তারা এখন বুঝতে পারছে। এই ভুল শোধরাতে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র।’
প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র সফরে জেনারেল ইলেক্ট্রিক, বোয়িং, গোল্ডম্যান স্যাক্স, আইবিএম ও পেপসির মতো যুক্তরাষ্ট্রের বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেন। ভারতে বিনিয়োগ বাড়াতে অধিকাংশ প্রতিষ্ঠানই বিশেষ আগ্রহ প্রকাশ করে সে সময়।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড