বাফেটকে ছাড়িয়ে গেলেন বেজোস
বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জেফ বেজোস। তিনি বহুজাতিক ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের শীর্ষ ১০ ধনীর তালিকায় বেজোস এখন আছেন ২ নম্বরে, ওয়ারেন বাফেট ৩ নম্বরে।
দুবাইভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান সোউককে সম্প্রতি কিনে নেওয়ার ঘোষণা দেয় জেফ বেজোসের অ্যামাজন। এই ঘোষণায় নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যামাজনের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় বেজোসের সম্পদ বেড়েছে ১৫০ কোটি ডলার। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৫৬০ কোটি ডলার। তৃতীয় স্থানে চলে যাওয়া ওয়ারেন বাফেটের সম্পদ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮৮ কোটি ডলার। শেয়ারের সর্বশেষ দামের পরিপ্রেক্ষিতে মূলত শীর্ষ ধনীর তালিকা তৈরি করে ব্লুমবার্গ।
ব্লুমবার্গের হিসাবে, গত এক বছরে জেফ বেজোসের সম্পদ বেড়েছে ১ হাজার কোটি ডলারের বেশি। আর গত বছরের ৮ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর সম্পদ বেড়েছে ৭০০ কোটি ডলারের বেশি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার বা শত কোটিপতি সূচকে গত এক বছরে বেজোসের চেয়ে বেশি সম্পদ বেড়েছে মাত্র দুজন ব্যক্তির। তাঁদের একজন হলেন চীনের ওয়্যাং উই, অন্যজন হলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
দ্বিতীয় স্থানে পরিবর্তন হলেও ৮ হাজার ৬০০ কোটি ডলারের সম্পদ নিয়ে ব্লুমবার্গের তালিকার ১ নম্বরে আছেন যথারীতি বিল গেটস। ব্লুমবার্গের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মার্কিন সাময়িকী ফোর্বস-এর তালিকায় এখনো ২ নম্বরে আছেন ওয়ারেন বাফেট। ফোর্বস-এর হিসাবে তাঁর সম্পদের পরিমাণ ৭ হাজার ৫৬০ কোটি ডলার, আর বেজোসের সম্পদের পরিমাণ ৭ হাজার ২৮০ কোটি ডলার।