বাফেটের আরও ২৮০ কোটি ডলার দান

নিজের অর্জিত সব সম্পদ বিলিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে আরও ২৮০ কোটি ডলার দান করেছেন বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট। তাঁর দান করা সম্পদের সিংহভাগ পাচ্ছে দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। আর বাকি সম্পদ যাবে বাফেটের নিজের চারটি পারিবারিক দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে। এর ফলে ২০০৬ সাল থেকে শুরু করে গত ১১ বছরে ২ হাজার ৪৩০ কোটি ডলার দান করলেন বাফেট।
বাফেটের ধারাবাহিক দানের এটি ছিল ১১তম বার্ষিক আয়োজন। নিজেদের মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ১ কোটি ৯৬ লাখ ‘বি’ শ্রেণির শেয়ার ছেড়ে দেওয়ার মাধ্যমে এ দানের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। গত সপ্তাহে সম্পদের মালিকানা পরিবর্তনে আদালতে জমা দেওয়া নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে প্রিয় বন্ধু ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান পেয়েছে ১ কোটি ৫০ লাখ শেয়ার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা হলেন আবার ওয়ারেন বাফেট। একইভাবে বার্কশায়ারের অন্যতম পরিচালক বিল গেটস।
মার্কিন সাময়িকী ফোর্বস-এর তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ৬ হাজার ৪৮০ কোটি ডলার।
বাফেটের অনুদান পাওয়া বাকি চারটি প্রতিষ্ঠান হলো সুশান থম্পসন বাফেট ফাউন্ডেশন, হাওয়ার্ড বাফেট ফাউন্ডেশন, শেরউড বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন। সুশান বাফেট হলেন ওয়ারেন বাফেটের প্রয়াত প্রথম স্ত্রী। আর বাকি তিনটি প্রতিষ্ঠান চলে বাফেটের নিজের তিন সন্তানের নামে।
বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ের ১৮ শতাংশ শেয়ারের মালিক ওয়ারেন বাফেট। ২০০৬ সালে এই শেয়ারের পরিমাণ ছিল ৩২ দশমিক ৩ শতাংশ। নিজের প্রতিষ্ঠানে তাঁর ভোট দেওয়া বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে ৩১ দশমিক ৭ শতাংশ।
প্রতিবছরের জুন-জুলাইয়ে ওয়ারেন বাফেট তাঁর সম্পদ দান করে দেওয়ার এ ঘোষণা দেন। এ ছাড়া তিনি তাঁর কোম্পানির শেয়ারধারীদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন। ওই চিঠিতে কোম্পানির ভবিষ্যৎ পথচলা ও বিনিয়োগের বিষয়ে নিজের চিন্তাভাবনার কথা জানান তিনি। আবার মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ সময়ে তিনি ভাগ্যবান কয়েকজন ব্যক্তির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। নিলামের মাধ্যমে মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়। মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীদের তিনি বিনিয়োগ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। মধ্যাহ্নভোজের মাধ্যমে আয় হওয়া পুরো অর্থই তিনি দান করেন। এসবের বাইরেও বিভিন্ন সময় তিনি নিজের সম্পদ দান করে থাকেন।
বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানাধীন মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯০। কোকা-কোলা, আইবিএমের মতো বড় প্রতিষ্ঠান থেকে শুরু আইসক্রিম, বিমার মতো বিভিন্ন খাতে বিনিয়োগ আছে প্রতিষ্ঠানটির। ১৯৬৫ সাল থেকে বাফেট এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন। নিজের উত্তরসূরি তৈরিতেও যথেষ্ট চিন্তাভাবনা আছে তাঁর।
এদিকে ওয়ারেন বাফেটকে সরিয়ে স্বল্প সময়ের জন্য বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর আসনে উঠে এসেছিলেন ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। ফোর্বস-এর ‘রিয়েল টাইম’ বা বর্তমান সম্পদমূল্যের ভিত্তিতে শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় গত সপ্তাহে এ পরিবর্তন ঘটে। যদিও বেজোসকে ছাড়িয়ে আবার তৃতীয় স্থানে উঠে এসেছেন বাফেট।
স্বল্প সময়ের এ স্থান পরিবর্তনের জন্য দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, বাফেটের একসঙ্গে প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ দান করে দেওয়া। দ্বিতীয়ত, দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে অ্যামাজনের শেয়ারের মূল্যে চাঙা ভাব বিরাজ করছে। এ সময়ে অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে ৮ শতাংশ। এ দুটো কারণেই মূলত তৃতীয় স্থানে উঠে আসেন জেফ বেজোস।
শীর্ষ ধনীর তালিকায় বেজোসের উত্থান অনেকটাই অবিশ্বাস্য। মার্চে ফোর্বস যখন ২০১৬ সালের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে, তখন সে তালিকায় প্রথমবারের মতো ৫ নম্বরে উঠে আসেন জেফ বেজোস। মার্চের হিসাব অনুযায়ী, বেজোসের সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৫০০ কোটি ডলার। আর এখন তা বেড়ে হয়েছে ৬ হাজার ৪০০ কোটি ডলার। অর্থাৎ গত চার মাসে তাঁর সম্পদ বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার বা ১৯ বিলিয়ন ডলার। এই সময়ে অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ। ফোর্বস-এর শীর্ষ ৪০০ ধনীর তালিকায় বেজোস প্রথম স্থান পান ১৯৯৮ সালে। তখন তাঁর সম্পদমূল্য ছিল মাত্র ১৬০ কোটি ডলার।
১৯৮২ সালে ফোর্বস-এর শীর্ষ ৪০০ ধনীর তালিকায় প্রথম নাম লেখান ওয়ারেন বাফেট। তখন তাঁর সম্পদমূল্য ছিল ২৫ কোটি ডলার। মাত্র তিন বছর পরই ১৯৮৫ সালে বিলিয়নিয়ার বা শতকোটিপতি হিসেবে ফোর্বস-এর তালিকায় স্থান করে নেন বাফেট।