বাফেটের কামান কেন ট্রাম্পের ডেরামুখী?

আর্থিক সাম্রাজ্য গড়তে নিজের জীবনের পুরোটা ব্যয় করেছেন, এখন তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনকুবের। বিনিয়োগের কৌশল নিয়ে তাঁর মন্ত্রগুলো খনার বচনের মতো প্রবাদে পরিণত হয়েছে। তাঁর বিনিয়োগ পরামর্শ নিয়ে লেখা হয়েছে বহু বই।
বলছি ওয়ারেন বাফেটের কথা। যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ গুরু জীবনসায়াহ্নে এসে একটি নতুন ভূমিকা নিয়েছেন, রাস্তায় নেমেছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে।
সারা বিশ্বে রাজনৈতিক ছড়ি ঘোরায় যে দেশটি, সেই যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনের ডামাডোল চলছে। ডেমোক্র্যাট দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন না রিপাবলিকান প্রার্থী ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প—কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট তা নির্ধারণ হবে আগামী নভেম্বরে। এখন চলছে দুজনের পক্ষে পাল্লা ভারী করার চেষ্টা। এতে বড় ভূমিকা নিয়ে নেমে পড়েছেন ওয়ারেন বাফেট।
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের শহর ওহামায় গত সোমবার এক শোভাযাত্রায় যোগ দিয়ে ওয়ারেন বাফেট হিলারির প্রশংসা করেন। আর আয়কর রিটার্ন প্রকাশ করতে অস্বীকৃতি জানানোয় সমালোচনা করেন ট্রাম্পের।
শোভাযাত্রায় দেওয়া বক্তব্যে ওয়ারেন বাফেট পুঁজিবাজারে নিবন্ধিত ট্রাম্পের একমাত্র কোম্পানি ট্রাম্প হোটেল অ্যান্ড ক্যাসিনো রিসোর্টের প্রসঙ্গ তোলেন। যেটি ১৯৯৫ সালে নিবন্ধিত হয়, ২০০৪ সালে দেউলিয়া হয়ে যায়। বাফেট বলেন, ওই সময় একটি বানরও যদি বর্শা ছুড়ত, সেটি লক্ষ্যভেদী হতো। কিন্তু ট্রাম্প ব্যর্থ হয়েছেন। বাফেট বলেন, যাঁরা তাঁর কথায় বিশ্বাস করেছেন, তাঁর ‘সাইরেন
সং’ শুনেছেন, তাঁদের এক ডলার বিনিয়োগ করে ৯০ সেন্ট লোকসান দিয়ে ঘরে ফিরতে হয়েছে।
গ্রিক পুরাণ মতে, সাইরেন হলো ডানাবিশিষ্ট নারী। তাদের গান নাবিকদের মুগ্ধ করে তাদের বিনাশ করত। ট্রাম্প হোটেল অ্যান্ড ক্যাসিনো রিসোর্টকে পুঁজিবাজারে এনে ট্রাম্প বিনিয়োগকারীদের যে আশার বাণী শুনিয়েছেন, তাকে বাফেট সেই সাইরেনের গানের সঙ্গে তুলনা করেন।
আমেরিকায় সাধারণভাবে বড় ব্যবসায়ীরা রিপাবলিকানঘেঁষা হন। বাফেট একজন ব্যবসায়ী, ট্রাম্পও তা-ই। স্বাভাবিকভাবেই ট্রাম্পের পক্ষে অবস্থান নেওয়ার কথা বাফেটের। কিন্তু তিনি কেন হিলারির পক্ষ নিলেন? এ বিষয়টা জানতে হলে ফিরে তাকাতে হবে পেছনে, বাফেটের জীবনের গল্পে।
চলতি মাসেই ওয়ারেন বাফেট ৮৬ বছরে পা দিয়েছেন। এ দীর্ঘ জীবনে বামঘেঁষা নীতির পক্ষে তাঁর সমর্থন ছিল। তবে গত দেড় দশকে রিপাবলিকানদের বদলে ডেমোক্র্যাটদের নীতির পক্ষে তাঁর অবস্থান ছিল আরও কড়া। তিনি জন কেরি, বারাক ওবামার মতো উদার প্রার্থীদের নির্বাচনে জিতিয়ে আনতে টাকা ঢেলেছেন। গর্ভপাত ও পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলোতে জোর প্রচারণা চালাতে ব্যয়ের ক্ষেত্রেও কার্পণ্য করেননি।
তবে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থান ছিল ওবামা প্রশাসনের উচ্চ আয়ের মানুষের ওপর কর বাড়ানোর নীতির ক্ষেত্রে। ব্যবসায়ীরা সাধারণত কর বাড়ানোর বিরোধিতা করেন, তবে বাফেট বিপরীত স্রোতে দাঁড়িয়ে ১০ লাখ ডলারের বেশি আয়ের মানুষের ক্ষেত্রে করের হার কমপক্ষে ৩০ শতাংশ করার পক্ষে অবস্থান নেন। যা পরে ‘দ্য বাফেট রুল’ নামে অভিহিত হয়।
বিভিন্ন সময় বাফেট বলেছেন, তিনি নিজের একান্ত সচিবের চেয়েও কম হারে কর দেন। কারণ আইনের ফাঁকফোকর বিনিয়োগ থেকে আয়ের ক্ষেত্রে কম হারে কর প্রদানের সুযোগ দিয়ে রেখেছে।
ওবামা প্রশাসনের এ প্রস্তাবের সময় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক ছিলেন জেনে স্পারলিং। একদিন তিনি কর বাড়ানোর প্রস্তাবে সমর্থক হিসেবে নাম ব্যবহারের জন্য বাফেটের কাছে যান। বাফেটের সরস মন্তব্য, ‘আমার সব রোগ নিয়ে নাও, তাহলে আমি প্রস্তাবিত করনীতির পক্ষে থাকব।’
এ কথাটি স্মরণ করে স্পারলিং বলেন, বাফেট জানতেন তিনি সমালোচকদের তীরের মুখে পড়তে যাচ্ছেন। তারপরও তিনি সমর্থন দিয়েছিলেন।
তবে বামঘেঁষা নীতির প্রতি বাফেটের সমর্থন ঢালাও ছিল না। তিনি আর্থিক শৃঙ্খলার পক্ষে সব সময় শক্ত অবস্থান নিয়েছেন, সামাজিক নিরাপত্তা খাতের অতি ব্যয় তাঁর পছন্দ ছিল না।
আসলে বাফেট প্রাপ্তবয়স্ক জীবন শুরু করেছিলেন একজন রিপাবলিকান হিসেবে। তাঁর পিতা হাওয়ার্ড বাফেট ছিলেন রিপাবলিকান দল থেকে চারবার নির্বাচিত কংগ্রেস সদস্য এবং একজন ব্যবসায়ী। হাওয়ার্ড বাফেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টের ‘নিউ ডিল’ (১৯৩৩ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত নেওয়া সামাজিক কর্মসূচি) নীতির বিরোধিতা করেন এবং আমেরিকার যুদ্ধে জড়ানোর বিপক্ষে মত দেন।
‘বাফেট তাঁর পিতার ব্যাপক প্রশংসা করেন, কিন্তু বেড়ে উঠেছেন একটি ভিন্ন জগতে’—এ মন্তব্য রজার লোয়েনস্টেইনের, যিনি বাফেটের জীবনী বাফেট: দ্য মেকিং অব অ্যান আমেরিকান ক্যাপিটালিস্ট লিখেছেন।
১৯২৯ সালে পুঁজিবাজার বিপুল ধসের মাত্র ১০ মাস পরে বাফেটের জন্ম। ছোটবেলায় তিনি দেখেছেন, অর্থনৈতিক মহামন্দার মধ্যে কীভাবে সরকারি বিনিয়োগ ও সমাজকল্যাণমুখী কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে টিকে থাকতে সহায়তা করেছে। লোয়েনস্টেইন বলেন, বাফেটের স্ত্রী তাঁকে (১৯৫২ সালে বিয়ে) হয়তো বাম দিকে ঠেলে নিয়ে যেতে পারেন, তবে রিপাবলিকানদের সঙ্গে বাফেটের প্রকৃত বিচ্ছেদ ঘটেছে নাগরিক অধিকার নিয়ে আন্দোলনের যুগে।
আমেরিকায় সামাজিক বিভেদ ও বৈষম্য দূর করতে ১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আমেরিকায় ব্যাপক আন্দোলন হয়। ওই সময় বাফেট দেখেছেন, কীভাবে রিপাবলিকান দল গা বাঁচিয়ে চলেছে।
গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকে বাফেট ওয়াশিংটনের রাজনীতিকদের সংস্পর্শে আসেন। জাতীয় রাজনীতিতে তাঁর আকস্মিক প্রবেশ ঘটে চলতি শতাব্দীর শুরুর দিকে, যখন তিনি ব্যবসায়ী জর্জ সরোস ও বিল গেটস সিনিয়রের (বিল গেটসের বাবা) সঙ্গে সুর মিলিয়ে প্রেসিডেন্ট জর্জ বুশের করনীতির সমালোচনা করেন। তিনি বলেন, বুশের নীতি সম্পদশালীদের আভিজাত্য স্থায়ী করবে।
বাফেট হিলারির পুরোনো সমর্থক। ২০০০ সালে হিলারির সিনেট নির্বাচনের প্রচারে সহায়তা দেন তিনি।
নিজের সম্পদের ৯০ শতাংশ দান করার ঘোষণা দেওয়া বাফেট ওহামার শোভাযাত্রায় ইরাকে সন্তান হারানো আমেরিকান মুসলমান খিজির খানের কথা তুলে ধরে বলেন, ‘আমেরিকার জন্য ট্রাম্প ও আমাকে কিছুই হারাতে হয়নি।’
আমেরিকা থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার কথা বলে আলোচিত ট্রাম্পও বাফেটের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, ‘বাফেট দীর্ঘ সময় ধরে হিলারির ভক্ত। আমি বিষয়টি খুব একটা পাত্তা দিই না। হিলারি একটি বিপর্যয়।’ দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদন অবলম্বনে লেখা।