
জার্মানির রাজধানী বার্লিনে গত শুক্রবার পর্দা নামল সপ্তম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলনের। সামাজিক ব্যবসার সঙ্গে জড়িত সবার অপেক্ষা এখন অষ্টম বৈশ্বিক সম্মেলনের।
সমাপনী দিনে বার্লিনের এবারের সম্মেলন মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে আগামী সম্মেলন বসবে চীনের রাজধানী বেইজিংয়ে। চীনের পক্ষ থেকেই এ সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করা হলে সেটি গৃহীত হয়।
বার্লিনের অব্যবহৃত টেম্পলহোপ বিমানবন্দরে ৪ নভেম্বর থেকে সম্মেলন শুরু হয় আর গত শুক্রবার সন্ধ্যায় তার পর্দা ওঠে। সম্মেলনের মূল আকর্ষণ থাকেন সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূস। তবে এবার তিনি উপস্থিত ছিলেন না। আয়োজকেরা মনে করছেন ইউনূসের অনুপস্থিতি সত্ত্বেও সম্মেলনটি বেশ সফলভাবে শেষ হয়েছে।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ সাংবাদিকদের বলেন, সম্মেলনের প্রধান আকর্ষণের অনুপস্থিতি সত্ত্বেও বেশ সফলভাবে এবারের আয়োজনটি সম্পন্ন হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা একটি মোটামুটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে গেছে। ইউনূসের অনুপস্থিতির কথা জেনেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮ শতাধিক প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।
সমাপনী দিনে সম্মেলন মঞ্চ থেকে জাপানে ইউনূস সোশ্যাল বিজনেস স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে একটি সমঝোতা চুক্তিও হয়েছে।
সমাপনী দিনের সর্বশেষ প্যানেল আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ ইউএনডেসার সহকারী মহাসচিব থমাস গেস বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সামাজিক ব্যবসা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমাপনী দিনের অপর এক কর্ম-অধিবেশনে বোস্টন কনসালটিং গ্রুপের ইউরোপীয় অঞ্চলের প্রধান আলরিচ ভিলিচ বলেন, অংশীদারি ব্যবসার প্রক্রিয়াটি অনেকাংশে কষ্টকর হলেও দীর্ঘমেয়াদে এর ভালো সুফল পাওয়া যায়। তাঁর মতে, প্রতিবছর বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সমাজের কল্যাণে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ। তবে অর্থ যদি তারা সামাজিক ব্যবসায় কাজে লাগায় তাহলে তার সুফল আরও বেশি পাওয়া যাবে এবং সমাজের জন্যও তা বেশি কল্যাণকর হবে।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান বলেন, বড় বড় প্রতিষ্ঠান যাদের শক্ত আর্থিক ভিত্তি রয়েছে, তারা অংশীদারির ভিত্তিতে সামাজিক ব্যবসা শুরু করতে পারে।
কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ম্যাককেইন কন্টিনেন্টালের প্রধান নির্বাহী জন বার্নো বলেন, সামাজিক ব্যবসার ক্ষেত্রে মূল্যবোধ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূল্যবোধ ছাড়া কখনোই এ ধরনের ব্যবসা সম্ভব না। আরও বক্তব্য দেন ইউনূস সোশ্যাল বিজনেসের সহ-উদ্যোক্তা সাসকিয়া ব্রুস্তেন। সম্মেলনে সামাজিক ব্যবসার শক্তি নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এম এফ এম আমীর খসরু।