বিচারের মুখোমুখি ক্রিস্টিন লাগার্দে
বিচারের মুখোমুখি হতেই হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দেকে। ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে ফ্রান্সের আপিল বিভাগ গতকাল শুক্রবার এ রায় দেন।
১৯৯৩ সালে ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড তাপি বহুজাতিক কোম্পানি অ্যাডিডাসের কিছু শেয়ার বিক্রি করেন। শেয়ার লেনদেনে ব্যবস্থাপনায় ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্রেডিট লিওনাইজ। পরবর্তী সময়ে বার্নার্ড তাপি ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগ তোলেন, শেয়ার লেনদেনের সময় প্রতারণা করে তাঁকে ঠকানো হয়েছে।
এ বিষয়ে দুই পক্ষের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। ফরাসি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিস্টিন লাগার্দে সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার নির্দেশ দেন। সালিসের রায়ে বার্নার্ড তাপি ক্রেডিট লিওনাইজের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায়ে সমর্থ হন।
পরবর্তী সময়ে এক তদন্তে সালিসে ছিলেন এমন একজনের সঙ্গে বার্নার্ড তাপির সম্পর্ক বেরিয়ে আসে। ফলে সালিস নিষ্পত্তিতে ক্রিস্টিন লাগার্দের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।
সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছেন আইএমএফপ্রধান ক্রিস্টিনা লাগার্দে। আপিলের রায়ের পর এখন বিষয়টি বিশেষ আদালতে যাবে বলেই আশা করছেন তিনি। ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লাগার্দে। সূত্র: বিবিসি