বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রস্তুত বাংলাদেশ

বিনিয়োগ সম্ভাবনা প্রচারে যুক্তরাজ্য সফরে আসা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, বাংলাদেশে শিল্প-কারখানা করার জন্য এত দিন জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল। কিন্তু এখন সরকার দেশের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল করে কারখানা তৈরির স্থান ঠিক করে দিচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগসহ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তিনি মনে করেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রথম আলোকে এসব কথা বলেন পবন চৌধুরী। তিনি বলেন, সিলেটের মৌলভীবাজারে ২৪০ একর জমিতে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে জায়গা বরাদ্দ দেওয়ার কাজ চলছে। এ অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আনার লক্ষ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানি পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন বলে তিনি জানান।
বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র ২ শতাংশ জানিয়ে পবন চৌধুরী বলেন, এ হার অন্তত ১০ শতাংশ হওয়া উচিত। এ লক্ষ্য অর্জনে অনেক কষ্ট করতে হবে বলে মন্তব্য তাঁর। তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সম্পর্ক বেশ নিবিড়। কাজেই যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বাংলাদেশে উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে পারেন।
বাংলা টাউন ক্যাশ অ্যান্ড কারিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী রফিক হায়দার, মাতাব চৌধুরী, মুকিম আহমদ, মাতাব সিদ্দিকী প্রমুখ।