বিদেশে এক্সচেঞ্জ হাউসের পরিস্থিতি খারাপ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বেসরকারি এক্সিম ব্যাংকের দুটি এক্সচেঞ্জ হাউস বা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা বিনিময় করে দেশে পাঠানোর প্রতিষ্ঠান ছিল। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়েছে। লোকসান টানতে না পেরে ব্যাংক এই দুই এক্সচেঞ্জই বন্ধ করেছে বলে জানা গেছে।
যোগাযোগ করা হলে এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান সিরাজুল ইসলাম বলেন, তাঁদের ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে দুটি এক্সচেঞ্জ হাউস বন্ধ করেছেন। কী কারণে বন্ধ করা হলো প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো লোকসানে চলছিল। নিকট-ভবিষ্যতেও এটা লাভের মুখ দেখবে এমন সম্ভাবনা না থাকায় বন্ধ করা হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক গত কয়েক বছরে বিপুলসংখ্যক এক্সচেঞ্জ হাউস বিশ্বের বিভিন্ন দেশে খোলার অনুমোদন দিয়েছে। ব্যাংকগুলোও উৎসাহের সঙ্গে বিদেশে নিজেদের ‘একটা প্রতিষ্ঠান’ বানিয়েছে। কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই এগুলোর তেমন কোনো কার্যক্রম নেই। লাভজনক হয়নি। এসব প্রতিষ্ঠান থেকে দেশে কোনো আয় আসার তথ্যও নেই কেন্দ্রীয় ব্যাংকের হাতে। এমনকি কতটি প্রতিষ্ঠান এখন ঠিকমতো চলছে, তারও কোনো হালনাগাদ তথ্য-উপাত্ত মিলছে না।
হালনাগাদ তথ্য না থাকলেও কেন্দ্রীয় ব্যাংক অন্তত ৬৯টি এক্সচেঞ্জ হাউস ও শাখা ব্যাংক খোলার অনুমোদন দিয়েছে কয়েক বছরে। আরও অন্তত ১০টি প্রতিনিধি কার্যালয়ও বিদেশে রয়েছে দেশের ব্যাংকগুলোর। তবে এক্সচেঞ্জ হাউসের মতোই শাখা ও প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠান থেকেও কত আয় হচ্ছে তার কোনো হিসাব মিলছে না। বাংলাদেশ ব্যাংকের এ তথ্যে ৩৫টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত কার্যক্রম চালাচ্ছে। বাকি ৩৪টি অনুমোদন নিলেও এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেনি।
তবে সূত্রগুলো বলছে, যেগুলো চলছে তাদের বছর বছর লোকসান মেটাতে ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে বিদেশে অর্থও পাঠাচ্ছে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক তার অনুমোদনও দিয়েছে। মূলধন হিসাবে যে অর্থ প্রথম দফাতে নেওয়া হয়েছিল, সেগুলোও অনেক ক্ষেত্রে শেষ হয়েছে।
বেসরকারি একটি ব্যাংক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বা ইউএসএতে বাংলাদেশি প্রবাসীরা তাঁদের ব্যাংকগুলোর মাধ্যমে টাকা পাঠান না। কিছুটা সোনালী ব্যাংকের মাধ্যমে পাঠান। অন্যদিকে ব্যবসায়িক লাভালাভের চেয়ে বেসরকারি ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউসগুলো খোলা হয়েছে মূলত প্রটোকল সার্ভিসের জন্য। আবার এর সঙ্গে ব্যাংক পরিচালকদের একধরনের স্বার্থও জড়িয়ে আছে। কিন্তু, সূত্রটি সুনির্দিষ্টভাবে ব্যাংকের নাম বা পরিচালকেরা কীভাবে স্বার্থ জড়িয়ে নিয়েছেন, তা পরিষ্কার করেনি।
বিদেশে এক্সচেঞ্জ হাউসগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, শুধু রেমিট্যান্স দিয়ে একচেঞ্জ হাউসগুলো লাভজনক করা যাচ্ছে না। ফলে ওখান থেকে কোনো আয় আসছে না দেশে।
প্রাপ্ত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য (ব্রিটেন), মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, গ্রিস, ওমান, নেপাল, ভারত, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, হংকং ও মিয়ানমারে বাংলাদেশের ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউস, প্রতিনিধি কার্যালয়, শাখা বা সহযোগী প্রতিষ্ঠান আছে। এর মধ্যে সবচেয়ে বেশি এক্সচেঞ্জ হাউস আছে যুক্তরাজ্যে। তারপর আছে মালয়েশিয়ায়। ব্যাংকাররা বলছেন, যুক্তরাজ্য ও মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কয়েকটি ব্যাংকের এক্সচেঞ্জ হাউসগুলো না লাভ না লোকসান বা ব্রেক ইভেনে আছে। বাকি দেশগুলোতে লোকসান দিতে হচ্ছে।