বিদেশে চীনের বিনিয়োগ এক লাখ কোটি ডলার ছাড়াবে

আগামী এক দশকে বিদেশে চীনের মোট বিনিয়োগের পরিমাণ এক লাখ ২৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাজধানী বেইজিংয়ে গত রোববার শুরু হওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সংস্থার প্রধান নির্বাহীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিদেশে বিনিয়োগকে উৎসাহিত করতে এবং চীনা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা অধিগ্রহণের মাধ্যমে কিনে নেওয়াকে উৎসাহিত করতেই এ ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এ জন্য বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে আগের বাধানিষেধ তুলে দেওয়ার কথাও বলেছেন শি জিনপিং।
চীনের উদ্যোগে শুরু হতে যাওয়া ‘সিল্ক রোড ফান্ডে’ চার হাজার কোটি ডলার বিনিয়োগেরও ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। এশিয়া ও ইউরোপ মহাদেশের বাণিজ্যের প্রাচীন পথ সিল্ক রুটের অবকাঠামো উন্নয়নের জন্য এ টাকা খরচের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিং।
বিশেষজ্ঞরা বলছেন, এ দুটি উদ্যোগের ফলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমিয়ে চীনের আধিপত্য প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে।
প্রেসিডেন্ট জিনপিং আরও বলেন, চীনের এসব বিদেশি বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বের অন্যান্য দেশ ও আর্থিক প্রতিষ্ঠানও অংশ নিতে পারবে। এর ফলে একদিকে অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদের উন্নয়ন ঘটবে, অপরদিকে তা চীন থেকে ইউরোপ পর্যন্ত দেশগুলোর শিল্প সম্পর্ক উন্নয়নেও ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের সিল্ক রোডবিষয়ক এ কর্মসূচি যুক্তরাষ্ট্রের আন্তপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারত্বমূলক (টিপিপি) মুক্তবাণিজ্য ধারণার পাল্টা কর্মসূচি। পাশাপাশি নানা সংকটে আক্রান্ত চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বত ও জিনজিয়াংয়ের সমস্যা দূর করে এ দুটি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
টিটিপি হচ্ছে ওয়াশিংটন-সমর্থিত মুক্তবাণিজ্যবিষয়ক একটি উচ্চাভিলাষী পরিকল্পনা, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য উদারীকরণ বাড়াবে। যুক্তরাষ্ট্র ও জাপানসহ এর সদস্যদেশের সংখ্যা ১২।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অ্যাপেক নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার বেইজিংয়ে পৌঁছান।
চীন সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি মিশেল ফ্রোম্যান এ প্রসঙ্গে বলেন, টিটিপি বাস্তবায়নে আলোচনা হলেও তা খুব ফলপ্রসূ কিছু নয়। নিশ্চিতভাবেই অ্যাপেক সম্মেলনকে কেন্দ্র করে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য বাড়াতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৯৯ সালে সম্পাদিত তথ্যপ্রযুক্তি চুক্তির আলোকে শুল্ক কমাতে দুই দেশের মধ্যে আলোচনা হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি এখনো হয়নি।
২০১৩ সালে চীন বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে ১০ হাজার ৮০০ কোটি ডলার, যা ২০১২ সালের চেয়ে ২৩ শতাংশ বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত চীনের বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ হাজার ৬০০ কোটি ডলার। যে হারে চীনের বিদেশি বিনিয়োগ বাড়ছে, এর ফলে তা চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণকে প্রথমবারের মতো ছাড়িয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস