বিদ্যুৎ খাতে ২৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ভারত
ভারত বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের জন্য আগামী পাঁচ বছরে ২৫ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই অর্থ বাংলাদেশের প্রায় ২০ লাখ কোটি টাকার সমান।
বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করতে ও সবার কাছে তা পৌঁছে দিতে দেশটি বিনিয়োগের নতুন এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী পীযূষ গোয়েল জানান, নতুন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০ হাজার কোটি ডলার ও সঞ্চালনব্যবস্থা জোরদার করতে পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। বাকি ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে বিদ্যুৎ খাতের অন্যান্য উপখাতে।
তবে গোয়েল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণে নতুন বিনিয়োগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, এভাবে বিদ্যুৎ উৎপাদনে কী পরিমাণ ব্যয় হবে সেই সম্পর্কে সরকারকে বিস্তারিত জানতে হবে। কারণ ইউরোপীয় দেশগুলোও এখন তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে পরিত্যক্ত ঘোষণা করছে। এ ছাড়া সরকার সেকেলে প্রযুক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী নয়।
গোয়েল বলেন, ‘পশ্চিমারা যেটা বাদ দিচ্ছে সেটা নিয়ে এগোনোর ক্ষেত্রে সরকার সতর্কতা অবলম্বন করতে চায়। কী করতে যাচ্ছি সেটা সম্পর্কে আগে আমরা স্পষ্ট ধারণা নেব; যাতে কাজটা স্বচ্ছন্দে করতে পারি।’রাজধানী দিল্লিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যে দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সে আলোকেই দলটি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আগামী ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের ১৩০ কোটি মানুষের সবার জন্য দিনে ২৪ ঘণ্টা নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
গোয়েল বলেন, ‘আমরা ভারতে এমন এক পরিস্থিতি দেখতে চাই, যেখানে আমাদের সব ব্যবসায় প্রতিষ্ঠান, বাড়িঘর ও অফিস-আদালতে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে।’
ভারতে এখনো পাঁচ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি। আবার অনেক ব্যবসায় বা শিল্পপ্রতিষ্ঠানকে বিদ্যুৎ ঘাটতির কারণে অধিকতর ব্যয়সাপেক্ষ ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করে উৎপাদন কর্মকাণ্ড চালাতে হচ্ছে। ২০১২ সালে ভারতের উত্তরাঞ্চলীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বহু কোটি মানুষ তিন দিন ধরে কোনো বিদ্যুতই পাননি। দেশটির ইতিহাসে বিদ্যুৎ খাতে এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো দেখা যায়নি।
এদিকে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৬২ শতাংশ মানুষ এই সুবিধার আওতায় আছেন। এর মধ্যে ৫৭ শতাংশ জাতীয় গ্রিড থেকে আর পাঁচ শতাংশ সৌর প্যানেলের বিদ্যুৎ পান। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২১ কিলোওয়াটে।
২০১০ সালের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানে (পিএসএমপি) বলা হয়েছে, দেশে বিদ্যুতের চাহিদা ২০২১ সালে ১৯ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালে ৩৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০১৬ সালে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়াবে ১৭ হাজার মেগাওয়াট।
গোয়েল জানান, ধাপে ধাপে নানা উৎস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হবে। বায়ুচালিত ও সৌর বিদ্যুতে জোর দেওয়া হবে। কয়লানির্ভর তাপ-বিদ্যুৎকেন্দ্রও গুরুত্ব পাবে। এ জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন কোল ইন্ডিয়ার মাধ্যমে কয়লা উৎপাদন দ্বিগুণ করে ১০০ কোটি টনে উন্নীত করা হবে।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভারত একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মোদির সরকার ২০২২ সালে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিমাণ ১০০ গিগাওয়াটে উন্নীত করার কথা বলছে। আগের সরকার একই সময় নাগাদ ২ দশমিক ৯ গিগাওয়াট থেকে ২০ গিগাওয়াটে তোলার পরিকল্পনা ঘোষণা করেছিল। সে জন্য নতুন পরিকল্পনা সম্পর্কে দেশটির ব্যবসায়ী নেতাদের কেউ কেউ সন্দিহান।
এ ছাড়া ভারতের বর্তমান দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঘাটতি মোকাবিলার জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২৬ গিগাওয়াট বৃদ্ধির কথা বলা হয়েছে।
ভারত লাইট অ্যান্ড পাওয়ারের প্রধান নির্বাহী তেজপ্রিত সিং চোপড়া বলেন, ‘ভারতে এখন যেভাবে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার হয় তাতে আমাদের সামনে এই খাতে উত্তরণের সম্ভাবনা রয়েছে।’
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস