বিনিয়োগ ও আমদানি বাড়াতে আগ্রহী ভিয়েতনাম
আরও বেশি পণ্য আমদানি করে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে ভিয়েতনামকে আহ্বান জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মন্ত্রী বলেছেন, ভিয়েতনামের উদ্যোক্তারা বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, কাপড়, সিরামিক, টাইলস ও তৈরি পোশাক সাশ্রয়ী মূল্যে আমদানি করতে পারেন। এতে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে।
বাংলাদেশ সফররত ভিয়েতনামের বাণিজ্য ও শিল্পবিষয়ক ভাইস মিনিস্টার হোয়াং কোয়াক বুয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে শিল্পমন্ত্রী এই আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রতিবছর ২০ শতাংশ হারে বাড়ছে। ২০০২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ১ কোটি ৪০ লাখ ডলার থাকলেও এখন তা বেড়ে চার কোটি ডলারে উন্নীত হয়েছে। তিনি এ দেশে কৃষিভিত্তিক পণ্য, তথ্যপ্রযুক্তি (আইটি), ইলেকট্রিক ও ইলেক্ট্রনিকস পণ্য, উচ্চমূল্যের পোশাক, জ্বালানি, রাসায়নিক সারসহ কয়েকটি খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে ভিয়েতনামের প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।
জবাবে প্রতিনিধিদলের সদস্যরা শিল্পমন্ত্রীকে জানান, বাংলাদেশ থেকে ওষুধ, সিমেন্ট, চামড়াজাত পণ্য, প্লাস্টিকসহ অন্যান্য পণ্যের আমদানি বাড়াবেন তাঁরা। একই সঙ্গে তাঁরা এ দেশে যৌথ উদ্যোগে কৃষি ও নির্মাণ যন্ত্রপাতি, রাসায়নিক সারসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী।
বৈঠকে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুইয়েন কোয়াং থাক প্রমুখ উপস্থিত ছিলেন।
আমদানি বাড়াতে চায় ভিয়েতনাম: এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গেও গতকাল সংগঠনটির কার্যালয়ে বৈঠক করেছে ভিয়েতনামের প্রতিনিধিদলটি। এতে ভবিষ্যতে বাংলাদেশ থেকে পণ্য আমাদানি বাড়ানোর কথা বলেন তাঁরা।
বৈঠকে ভিয়েতনামের ভাইস মিনিস্টার হোয়াং কোয়াক বুয়াং শিগগিরই বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিদ্যুৎসহ বাংলাদেশের বেশ কয়েকটি খাত বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময়। শিগগিরই এসব খাতে বিনিয়োগের আগ্রহ জানান তিনি।
প্রতিনিধিদলটি আশা করে, আগামী অর্থবছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ভিয়েতনামে বাংলাদেশের ব্যবসায়ীদের শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা দেওয়ার আহ্বান জানান ।