বিপদে জার্মানির বৃহত্তম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই টুইন টাওয়ারই হলো ডয়চে ব্যাংকের প্রধান কার্যালয় l উইকিপিডিয়া
জার্মানির ফ্রাঙ্কফুর্টের এই টুইন টাওয়ারই হলো ডয়চে ব্যাংকের প্রধান কার্যালয় l উইকিপিডিয়া

জার্মানির বৃহত্তম ব্যাংক ডয়চে ব্যাংক বিপদে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী সংস্থা যুক্তরাষ্ট্রে ব্যাংকের কার্যক্রমে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করেছে।
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল মুক্কিয়া গত বছরের ডিসেম্বর মাসে এক চিঠিতে জানান, ডয়চে ব্যাংকের প্রতিবেদন ‘নিম্নমানের, ত্রুটিযুক্ত ও অনির্ভরযোগ্য’। আর তাই ব্যাংকটিকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনায় অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে।
এর আগে ২০০২ সালে ডয়চে ব্যাংককে নিয়ে একই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ফেডারেল রিজার্ভকে।
বিশ্লেষকেরা বলেন, ফেডারেল রিজার্ভের দেওয়া চিঠি ফাঁস হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ডয়চে ব্যাংকের যুগ্ম প্রধান নির্বাহী অনশু জৈনের ওপর চাপ বাড়বে। কারণ, তিনি যখন যুক্তরাষ্ট্রে এ ব্যাংকের বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখনই ‘ত্রুটি-বিচ্যুতিসমূহ’ সংঘটিত হয়; যার দায় তাঁর ওপর বর্তায়।
জৈন দায়িত্বে থাকাকালে ৮৫ লাখ ইউরোর একটি নতুন তহবিলের অর্থ সংগ্রহ করতে গিয়ে বিনিয়োগকারীদের একধরনের ধৈর্য বা সহিষ্ণুতার পরীক্ষা নিয়েছিলেন। কিন্তু তখন নতুনভাবে মূলধন সংগ্রহের দরকার ছিল না।
যা-ই হোক, যুক্তরাষ্ট্রে এই জার্মান ব্যাংকের ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ার খবরে বুধবার এটির শেয়ারের দর কমেছে। শেয়ারপ্রতি দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ২৬ দশমিক ১৮ ইউরোতে নেমে গেছে; যা গত ১৮ মাসের সর্বনিম্ন দরের প্রায় কাছাকাছি। চলতি মাসের প্রথম দিকে ডয়চে ব্যাংকের শেয়ারদর কমে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
বেরেনবার্গের ব্যাংকিংবিষয়ক বিশ্লেষক জেমস চ্যাপেল বলেন, এ ঘটনা ডয়চে ব্যাংকের ব্যবস্থাপনার ওপর সন্দেহ বাড়িয়ে দিয়েছে। কারণ, ব্যাংকটির বর্তমান সিইও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনকালেই ত্রুটি-বিচ্যুতিগুলো হয়েছিল।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মতে, তাদের তদারকি প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হলেও ব্যাংকটির কার্যক্রমে এখনো তেমন অগ্রগতি ঘটেনি; বরং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এখনো অপর্যাপ্তই রয়ে গেছে।
ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রে ব্যবসায়রত জার্মানিভিত্তিক ব্যাংকটির কঠোর সমালোচনা করে বলেছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামো খুবই দুর্বল। এতে প্রমাণিত হয়, এই ব্যাংক নিয়ন্ত্রণ কার্যক্রমের সঠিক প্রতিবেদন তৈরিতে যথেস্ট সক্ষম নয়। যে কারণে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ‘অপর্যাপ্ত ও অকার্যকর’।
এদিকে ডয়চে ব্যাংক বলেছে, ‘আমাদের ব্যাংকিং ব্যবস্থা ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রম জোরদার করতে আমরা নিষ্ঠার সঙ্গেই কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্যাংকটি আরও জানিয়েছে, ব্যাংকিং কার্যক্রমে উন্নয়ন নিশ্চিতকরণের অংশ হিসেবে তারা গত বছর থেকে ১০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। ব্যাংকটির মোট এক হাজার ৩০০ কর্মীর মধ্যে প্রায় ৫০০ জন কাজ করেন যুক্তরাষ্ট্রে।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জার্মান ব্যাংকটিকে নিয়ে বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁদের মতে, ব্যালান্স শিট বা স্থিতিপত্রের মানোন্নয়নে কাজ চালিয়ে যাওয়া সত্ত্বেও মূলধনের মানের দিক থেকে এই ব্যাংকই হলো যুক্তরাষ্ট্রে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল ভিত্তির।
ডয়চে ব্যাংক কীভাবে ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এবং সঠিক তথ্য দেয় কি না, তা নিয়েও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার উদ্বেগ রয়েছে।
এ ব্যাপারে ফেডারেল রিজার্ভের কোনো কর্মকর্তা কোনো রকম মন্তব্য করতে অনীহা জানান। তবে এই সংস্থা ডয়চে ব্যাংকের লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদহার), বৈদেশিক মুদ্রা বিনিময়, বন্ধকি সিকিউরিটিজ ও নিষেধাজ্ঞা মেনে চলা প্রভৃতি বিষয়ে তদন্ত চালাবে। তবে ব্যাংকটি অন্যায় কাজ করেছে বলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস