বিপুল আমানত খোয়াতে পারে মার্কিন ব্যাংকগুলো

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো প্রায় এক লাখ কোটি ডলারের আমানত হারানোর মুখে পড়তে চলেছে। এই অর্থ এশীয় দেশ ইন্দোনেশিয়ার মোট দেশজ উৎপাদন বা জিডিপির (৮৬ হাজার কোটি ডলার) চেয়েও ১৪ হাজার কোটি ডলার বেশি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আপৎকালীন অর্থনৈতিক নীতিমালায় পরিবর্তন আনার পাশাপাশি নীতিনির্ধারণী সুদহারও বাড়ানোর সিদ্ধান্তও নেবে, এমন খবরে দেশটির ব্যাংক খাতের সামনে আমানত খোয়ানোর শঙ্কা দেখা দিয়েছে।
ফেডারেল রিজার্ভ সম্প্রতি মাসিক সম্পদ তথা বন্ড কেনার সর্বোচ্চ সীমা সাড়ে তিন হাজার কোটি ডলার থেকে কমিয়ে আড়াই হাজার কোটি ডলারে নামিয়ে এনেছে। পাশাপাশি সংস্থাটি নীতিনির্ধারণী সুদহার কমানোরও ইঙ্গিত দিয়েছে। অর্থনীতিতে প্রবৃদ্ধির প্রবণতা জোরদার থাকলে এই সংস্থা আগামী বছরের গোড়ার দিকে সুদহার বাড়ানোর পদক্ষেপ নিতে পারে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বার্ষিক হিসাবে ৪ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় ফেডারেল রিজার্ভ সম্পদ বা বন্ড কেনার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেয়।
একটি পূর্বাভাস হচ্ছে, ফেডারেল রিজার্ভের নতুন সিদ্ধান্তের ফলে আগামী বছরের দ্বিতীয়ার্ধে দেশটির বৃহত্তম বিনিয়োগ ব্যাংক জেপিমর্গ্যান চেজের আমানত ১০ হাজার কোটি ডলার কমতে পারে; যা তাদের মোট আমানতের ৭ দশমিক ৮ শতাংশ। আমানতের দিক থেকেও এটি যুক্তরাষ্ট্রের এক নম্বর ব্যাংক।
অন্যান্য ব্যাংকের মধ্যে সিটিগ্রুপ, ব্যাংক অব নিউইয়র্ক মেলন ও পিএনসি ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইতিমধ্যে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের কারণে তাদের কাছে থাকা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত আমানতের ওপর এর সম্ভাব্য যে প্রভাব পড়তে পারে, সেটি নির্ণয়ের চেষ্টা করছে তারা।
বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের নতুন সিদ্ধান্তের প্রভাব পড়বে ব্যাংক খাতের ওপর। কেননা ব্যাংকগুলোর সুদের হার নিম্নপর্যায়ে রয়েছে এবং তারা তা বাড়াতে রাজি নয়। আর তাই আমানতকারীরা তাঁদের আমানত তুলে নিয়ে বেশি সুদ দেয়, এমন সব আর্থিক প্রতিষ্ঠান বা মানি ফান্ডগুলোতে জমা রাখবে।
ব্যাংক খাত থেকে ব্যাপক হারে আমানত প্রত্যাহার হলে তা হবে আগের পাঁচ বছরের সম্পূর্ণ বিপরীত প্রবণতা। কারণ, ২০০৮ সালে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পরের ওই সময়ে ব্যাংকগুলোতে নিম্নহার সুদেও প্রচুর পরিমাণ নগদ অর্থ জমা হয়ে অতিরিক্ত তারল্য সৃষ্টি করেছিল।
মার্কিন ব্যাংকগুলোকে এখন আমানত ধরে রাখতে হলে এর বিপরীতে তুলনামূলকভাবে উচ্চহারে সুদ দিতে হবে। এতে তাদের মুনাফা কমবে। সে জন্য তারা সুদের হার বাড়াতে আগ্রহী নয়। আর সুদের হার না বাড়ালে আমানতকারীরা বিমুখ হয়ে চলে যাবেন।
এসএনএল ফিন্যান্সিয়ালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে গত পাঁচ বছরে সম্মিলিতভাবে আমানতের পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে। একই সময়ে তাদের ডিপোজিট ফান্ডিং বা আমানত তহবিলের ব্যয় কমে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
ফিচ রেটিংসের বিশ্লেষক ক্রিস্টোফার উলফ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকব্যবস্থায় বর্তমানে অতিরিক্ত পরিমাণ আমানত রয়েছে। এই আমানতের একটা অংশ সেই সব আর্থিক প্রতিষ্ঠানে চলে যেতে পারে; যারা বেশি সুদ দেয়।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস