বিমান দুর্ঘটনায় নিহত টোটালের সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিমান দুর্ঘটনায় ফ্রান্সের বিখ্যাত তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহী ক্রিস্তোফে দ্য মারগেরি (৬৩) নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় রাত প্রায় ১২টায় মারগেরির ব্যক্তিগত বিমান মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে বরফ কাটার যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা টোটালের প্রধান নির্বাহীসহ চারজনের সবাই নিহত হন। ক্রিস্তোফে দ্য মারগেরি ২০০৭ সাল থেকে ইউরোপের তৃতীয় বৃহত্তম তেল কোম্পানি টোটালের প্রধান নির্বাহী ছিলেন। বিশ্বে তেলশিল্পে তিনি  প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মস্কোর নিকটবর্তী গোর্কিতে বিদেশি বিনিয়োগ নিয়ে রুশ সরকারের একটি বৈঠকে যোগ দিতে মারগেরি রাশিয়ায় এসেছিলেন।  রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠকের কয়েক ঘণ্টা পর বিমান দুর্ঘটনায় মারগেরি নিহত হন। টোটাল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যার বাজারমূল্য এক লাখ দুই হাজার কোটি ইউরো। বাসস/এএফপি।