বিশাল বন্ড বাজার খুলে দিল চীন
চীনের বন্ড বাজার এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত। এ জন্য চীনা সরকার একটি নতুন বিনিয়োগ স্কিম বা কর্মসূচি
ঘোষণা করেছে। এর ফলে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা নয় ট্রিলিয়ন বা নয় লাখ কোটি মার্কিন ডলারের এই বন্ড বাজারে বিনিয়োগ করতে পারবেন।
চীনের অধীনে হংকং শাসিত হওয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে বন্ড বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহৎ বন্ড বাজার। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক উদারীকরণের অংশ হিসেবে চীন উদ্যোগটি নিয়েছে। দেশটির বন্ড বাজারে এখন বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র ২ শতাংশ।
বন্ড হলো অর্থ সংগ্রহের একটি উপকরণ। সরকারি-বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বাজারে বন্ড ছেড়ে বিনিয়োগের অর্থ সংগ্রহ করে থাকে। বন্ডে যাঁরা বিনিয়োগ করেন, তাঁদের নির্দিষ্ট সময় পর পর নির্ধারিত হারে মুনাফা দেওয়া হয়। আবার একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর বিনিয়োগকারীরা মুনাফাসহ আসল অর্থ ফেরত পান।
প্রাথমিকভাবে হংকং থেকে ব্যাংক, বিমা ও ফান্ড ম্যানেজার বা ব্যবস্থাপকেরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে চীনের এ বন্ড বিক্রি করতে পারবেন। এইচএসবিসি ও ব্যাংক অব চায়না এই কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই ৩০ কোটি ডলারের বন্ড কিনতে আবেদন করেছে।
চীনা বন্ডের বেশির ভাগ বিনিয়োগই দেশটির স্থানীয় মুদ্রা রেনমিনবি বা ইউয়ানে আছে। স্থানীয় মুদ্রার স্থিতিশীলতার অভাব ও আর্থিক খাতের সংস্কারের কারণে বিদেশি বিনিয়োগকারীরা এতে বিনিয়োগে এত দিন খুব একটা আগ্রহী ছিলেন না। এ ছাড়া চীনা বন্ডের ঋণমান খুব একটা ভালো না হওয়ায় সেটি নিয়েও বিনিয়োগকারীরা এতে বিনিয়োগে আগ্রহ দেখাতেন না।
এদিকে বন্ডের পাশাপাশি চীনের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসার প্রক্রিয়া সহজ করা হয়েছে।