বিশ্ব অর্থনীতিতে দাপট এখন 'সুপারস্টারদের'
রাজনীতি ও অর্থনীতিতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বেড়ে চলা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে আজ থেকে ১০৬ বছর আগে এক সাবধানবাণী করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। ১৯১০ সালে তিনি বলেছিলেন, সুযোগের সমতা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম মৌল ভিত্তি। কিন্তু কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু লোক যেভাবে সম্পদের পাহাড় গড়ে তুলছে এটি উদ্বেগজনক। কিছু লোকের হাতে যাতে সব সম্পদ চলে না যায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
রুজভেল্টের সময়ের করপোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য বর্তমান সময়ে কিছুটা কমলেও কিছু প্রতিষ্ঠান ও লোকের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়ার বিষয়টা কমেনি, বরং বেড়েছে। বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করা হালের করপোরেট প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে। আর তাদের একচ্ছত্র প্রভাবের কারণে নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ‘সুপারস্টার’ নামে পরিচিত বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর দাপটের এ বিষয়টি বিখ্যাত সাময়িকী ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই-তিন দশক আগেও বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেল, শিল্প উৎপাদন ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর দাপট ছিল একচ্ছত্র। ডিজিটাল প্রযুক্তির এ যুগে প্রথাগত এসব প্রতিষ্ঠানের জায়গা দখল করে নিয়েছে অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। তবে নব্বইয়ের দশকের প্রতিষ্ঠানগুলোর তুলনায় এসব প্রতিষ্ঠানের অর্থনৈতিক দাপটে একটা মৌলিক পার্থক্য দেখা যাচ্ছে। সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ম্যাকেনজির গবেষণার তথ্য ব্যবহার করে বলা হয়েছে, আগের দিনের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় বড় অঙ্কের বিনিয়োগ করতে হতো, অনেক লোক নিয়োগ দিতে হতো। হাল আমলের ডিজিটাল কোম্পানিগুলোর সম্পদ ও লোকবল সে তুলনায় অনেক কম। ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের তিনটি সবচেয়ে বড় মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের আয় ছিল ২৫ হাজার কোটি ডলার। এর বিপরীতে তাদের লোকবল ছিল ১২ লাখ। আর ২০১৪ সালে সিলিকন ভ্যালির শীর্ষ তিন কোম্পানির আয় ছিল ২৪ হাজার ৭০০ কোটি ডলার, আর এ তিন প্রতিষ্ঠানের লোকবল ছিল মাত্র ১ লাখ ৩৭ হাজার।
শুধু তা–ই নয়, করপোরেট প্রতিষ্ঠানগুলোর বড় হওয়ার এই প্রবৃত্তির কারণে একীভূতকরণ (মার্জার) ও অধিগ্রহণ (অ্যাকুইজিশন) ব্যবসা এখন সারা বিশ্বে খুব জমজমাট বলে প্রতিবেদনে বলা হয়েছে। একীভূতকরণ ও অধিগ্রহণের তুলনামূলক একটি পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ১৯৯০ সালে সারা বিশ্বে ১১ হাজার ৫০০ মার্জার ও অ্যাকুইজিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এগুলোর সম্মিলিত মূল্য ছিল সে সময়ের বিশ্ব জিডিপির ২ শতাংশ। ২০০৮ সালে এমন একীভূতকরণ ও অধিগ্রহণের ঘটনা বেড়ে ৩০ হাজারে দাঁড়িয়েছে। এসব অধিগ্রহণের সম্মিলিত মূল ছিল বিশ্ব জিডিপির ৩ শতাংশের সমান। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ সম্প্রতি বেলজিয়ামভিত্তিক বিশ্বের অন্যতম বড় পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যানহিউসার-বুশকে আরেকটি বড় প্রতিষ্ঠান স্যাবমিলারকে কিনে নেওয়ার অনুমোদন দিয়েছে। স্যাবমিলারকে কিনতে অ্যানহিউসার-বুশের খরচ হচ্ছে ১০ হাজার ৭০০ কোটি ডলার।
একটি দেশ অথবা অর্থনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের এ নিয়ন্ত্রণকে বলা হয় ‘সুপারস্টার ইফেক্ট’। ইকোনমিস্ট-এর মতে, যুক্তরাষ্ট্রে এ সুপারস্টার ইফেক্টের প্রভাব সবচেয়ে বেশি। ২০১৩ সালের হিসাব অনুযায়ী, দেশটির জিডিপিতে ফরচুন ম্যাগাজিনের তালিকাভুক্ত শীর্ষ ১০০ কোম্পানির অবদান এখন ৪৬ শতাংশ। ২০ বছর আগে ১৯৯৪ সালে যা ছিল ৩৩ শতাংশ। একইভাবে ফরচুন তালিকাভুক্ত ৫০০ শীর্ষ প্রতিষ্ঠানের তুলনায় শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের আয়ের বৈষম্যও গত দুই দশকে বেড়েছে ৬ শতাংশ। ম্যাকেনজির হিসাব অনুযায়ী, বিশ্বে এক বছরে ব্যবসা-বাণিজ্য করে যে মুনাফা হয় তার ৮০ শতাংশের জোগান আসে মাত্র ১০ শতাংশ প্রতিষ্ঠানের কাছ থেকে। আর বছরে ১০০ কোটি ডলার আয় করে এমন প্রতিষ্ঠানগুলো মোট আয়ের ৬০ শতাংশের জোগান দেয়।
সুপারস্টার ইফেক্টের প্রভাবে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে অর্ধেক কমে গেছে। ১৯৯৭ সালে দেশটিতে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬ হাজার ৮০০, সেটি ২০১৩ সালে কমে ৩ হাজার ৪৮৫ এসে ঠেকেছে। এ সময়ে মধ্যম আকারের অনেক প্রতিষ্ঠান হারিয়ে গেলেও আয় ও মুনাফা বেড়েছে বড় প্রতিষ্ঠানগুলোর।
বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর এ দাপট যে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে, সে আশঙ্কার কথাও ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, ছোট প্রতিষ্ঠানগুলো যাতে বাজার প্রতিযোগিতায় টিকতে না পারে, সে জন্য অনেক অর্থ খরচ করে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো। ছোট প্রতিষ্ঠানকে কিনে নিতে বা ব্যবসা গোটাতে বিপুল অর্থ ব্যয়ে আইনজীবী, পরামর্শক ও কিছু পেশাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অব ফরেন রিলেশন ও ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণা অনুযায়ী, গত শতাব্দীর শেষ ভাগে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো যেভাবে উঠে আসতে পেরেছে, এখন সেভাবে নতুন স্টার্টআপ উঠে আসছে না। যত নতুন স্টার্টআপ এখন জন্ম নিচ্ছে, তার চেয়ে বেশি হারে মারা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বিশ্ব অর্থনীতিতে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব দিন দিন বেড়েই চলেছে।
—ইকোনমিস্ট অবলম্বনে