বিশ্ব পণ্য ও মুদ্রার বাজারও নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল থেকে মুদ্রা, সোনা থেকে সরকারি বন্ড—বিশ্ববাজারে সবকিছুর মূল্যই এখন সর্বনিম্ন। কমোডিটি বা পণ্য বাজারের বিভিন্ন সূচক গত ১৬ বছরে এতটা কমেনি বলে জানাচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলো।
গতকাল সোমবারও কমেছে জ্বালানি তেলের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলের বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল গতকাল ৩৮ দশমিক ৯৩ ডলার হয়েছে। ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম কমে ৪৩ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।
একই অবস্থা চলছে সোনা, রুপা, তামার বাজারেও। গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে দশমিক শূন্য ৫ শতাংশ। রুপার দাম প্রতি আউন্সে ২ দশমিক ৯ শতাংশ কমে ১৪ দশমিক ৯ ডলার হয়েছে। তামার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ২ দশমিক ২৫ ডলারে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের লভ্যাংশও গতকাল কমেছে। এ বন্ডের লভ্যাংশ ২ দশমিক শূন্য ৪ শতাংশ থেকে ৪ শতাংশ কমে ২ শতাংশ হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরো, জাপানের ইয়েনের বিপরীতে গতকাল বিনিময়মূল্য কমেছে মার্কিন ডলারের। ইউরো ও ইয়েনের বিপরীতে গড়ে ১ শতাংশ বিনিময়মূল্য কমেছে। তবে রাশিয়ার মুদ্রা রুবল, ভারতের রুপি, দক্ষিণ আফ্রিকার র্যান্ডের বিপরীতে শক্তিশালী হয়েছে ডলার।
এক ডলারের বিপরীতে রুবলের বিনিময়মূল্য গতকাল ছিল ৭০ দশমিক ৬৫ ডলার। রুবলের বিপরীতে ডলারের এ বিনিময়মূল্য গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার র্যান্ডের বিপরীতে মার্কিন ডলারের বিনিময়মূল্য বেড়েছে ১৩ দশমিক ২৫ ডলার। একইভাবে তুরস্কের লিরা, মালয়েশিয়ার রিঙ্গিত, নিউজিল্যান্ডের ডলারের বিনিময়মূল্য গতকাল কমেছে।
জ্বালানি তেলের দাম কমতে থাকায় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপদে আছে রাশিয়া। মূলত এ কারণেই দেশটি তার মুদ্রা রুবলের দরপতন ঠেকাতে পারছে না।