বিশ্ব শেয়ারবাজারে চীন-আতঙ্ক চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারে চীনা শেয়ারবাজার নয়, দেশটির ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের নিম্নমুখিতা আতঙ্ক ছড়িয়েছে বিশ্ব পুঁজিবাজারে। বিশেষ করে ইউরোপের প্রধান শেয়ার সূচকগুলো ২ শতাংশের বেশি করে পড়ে গেছে।
গতকাল মঙ্গলবার জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক ড্যাক্স সূচক ২ দশমিক ৪ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ২ শতাংশ, যুক্তরাজ্যের লন্ডনকেন্দ্রিক এফটিএসই ১০০ সূচক ২ দশমিক ১ শতাংশ কমেছে। এর মধ্যে ফ্রাঙ্কফুর্টের শেয়ারবাজারে কোনো শেয়ারেরই দাম বাড়েনি। লন্ডনে মাত্র একটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
এদিন ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের উৎপাদন খাতের উপাত্ত প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশটির পারচেজিং ম্যানেজারস ইনডেক্স কমে ৪৯ দশমিক ৭ পয়েন্টে নেমে গেছে; যা জুলাইয়ে ছিল ৫০ পয়েন্ট। এই সূচক ৫০ পয়েন্টের নিচে নামলে সেটাকে সংকোচন বলা হয়।
ভারতের শেয়ারবাজারেও গতকাল বড় ধরনের পতন ঘটেছে। দেশটির প্রধান সূচক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স এদিন ২ দশমিক ২ শতাংশ বা প্রায় ৭০০ পয়েন্ট কমেছে। আর সিএনএক্স নিফতি সূচকও কমেছে ২০০ পয়েন্ট।
এশিয়ায় অন্যান্য বাজারের মধ্যে জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ ৭২৫ পয়েন্ট বা ৪ শতাংশ, চীনের সাংহাই ও ইন্দোনেশিয়ার সমন্বিত সূচক এবং হংকংয়ের হেংসেং সূচক ১ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমেছে।
চীনা প্রভাব ছাড়াও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আগের দিন সোমবার পতন ঘটায় তা বিশ্বের বড় বড় পুঁজিবাজারে সূচকের পতন ত্বরান্বিত করে।
গত সপ্তাহে চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতনে বিশ্ব পুঁজিবাজার টালমাটাল হয়ে ওঠে। প্রবণতাটি এই সপ্তাহেও অব্যাহত রয়েছে। তবে এবারে চীনা শেয়ারবাজারের পাশাপাশি উৎপাদন খাতের নিম্নমুখিতা বিশ্ব পুঁজিবাজারকে পতনের দিকে ঠেলে দেয়।
গত সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার এক দিনেই চীনের সাংহাই সমন্বিত সূচক ৮ শতাংশ পড়ে যায়। এর প্রভাবে এশিয়া-ইউরোপসহ বিশ্ব পুঁজিবাজারেও বিশাল পতন ঘটে। সে জন্য বিশ্বগণমাধ্যমগুলো দিনটিকে কালো সোমবার বা ‘ব্ল্যাক মানডে’ বলে উল্লেখ করছে। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সোমবারও বিশ্ব পুঁজিবাজারে বড় ধস নেমেছিল, যা ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিত। সূত্র: বিবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ড।