জাপানের বিশ্বখ্যাত দুই গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও নিশান আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৬৫ লাখ মোটরগাড়ি তুলে নিচ্ছে। এয়ারব্যাগে ত্রুটির কারণে কোম্পানি দুটিকে বিশ্ববাজার থেকে এই বিপুলসংখ্যক গাড়ি প্রত্যাহার করতে হচ্ছে। এসব এয়ারব্যাগ তৈরি করেছে গাড়ির বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ প্রস্তুতকারী আরেক জাপানি কোম্পানি তাকাতা।
বিশ্বের বৃহত্তম গাড়িনির্মাতা কোম্পানি টয়োটা ইতিমধ্যে জানিয়েছে যে তারা করোলা ও ভিৎজসহ ৩৫টি মডেলের প্রায় ৫০ লাখের মতো গাড়ি বিশ্ববাজার থেকে প্রত্যাহার করে নেবে। এর মধ্যে স্থানীয় বাজার (জাপান) থেকেই প্রত্যাহার করা হবে সাড়ে ১৩ লাখ। এসব গাড়ি তৈরি করা হয় ২০০৩ সালের মার্চ থেকে ২০০৭ সালের নভেম্বরের মধ্যে।
আর নিশান প্রত্যাহার করবে ১৫ লাখ ৬০ হাজার গাড়ি। তবে নিশান ও টয়োটা উভয় কোম্পানিই এয়ারব্যাগে ত্রুটির কারণে গাড়ি তুলে নেওয়ার ঘোষণা দিলেও কোনো দুর্ঘটনা ঘটেছে এবং কেউ আহত হয়েছে, এমন অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে টয়োটা ও নিশানের পথ ধরে জাপানেরই তৃতীয় বৃহৎ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোন্ডাও জানিয়েছে যে তারাও এখন এয়ারব্যাগের ত্রুটির জন্য বিশ্ববাজার থেকে গাড়ি প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। কারণ হোন্ডা গাড়িতে এয়ারব্যাগের বিস্ফোরণের কারণে ইতিমধ্যে অন্তত ছয় ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। কোম্পানিটি অবশ্য কত গাড়ি তুলে নেবে, সেটি স্পষ্ট করে জানায়নি।
গত মার্চে হোন্ডা এয়ারব্যাগে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে এক লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল।
১০টি আন্তর্জাতিক গাড়িনির্মাতা কোম্পানি ২০০৮ সাল থেকে এ পর্যন্ত বিশ্ববাজার থেকে আড়াই কোটি গাড়ি তুলে নিয়েছে। সব প্রতিষ্ঠানই গাড়ি প্রত্যাহার করেছে সেই তাকাতারই তৈরি এয়ারব্যাগের ত্রুটির কারণে। সূত্র: বিবিসি