বিশ্ববাজারে এক দিন বেড়েই কমল জ্বালানি তেলের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দিনের মধ্যেই আবার কমে এসেছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৫ বা আধা শতাংশ কমে গতকাল বৃহস্পতিবার ৪৮ দশমিক ৪৫ মার্কিন ডলারে নেমে এসেছে; যা আগের দিন বুধবার ৪৯ ডলারে উঠেছিল।

তেল রপ্তানিকারক প্রধান দেশগুলোর সংগঠন ওপেক আট বছর পর গত বুধবার দাম বাড়ানোর লক্ষ্যে তেলের উৎপাদন কমানোর বিষয়ে ঐকমত্য হওয়ার খবরে এক দিনেই বিশ্ববাজারে পণ্যটির দাম ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। আলজেরিয়ায় বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে ওপেক তেলমন্ত্রীরা জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেন।

তেলমন্ত্রীরা অবশ্য বলেন, তেল উত্তোলনের পরিমাণ কমানোর চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়া হবে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ওপেকের বৈঠকে।

এদিকে উৎপাদন কমানোর বিস্তারিত সিদ্ধান্ত আসার আগেই মূল্য বৃদ্ধি পাওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে গতকাল তেলের দাম আবার কমে আসে। এর আগে সর্বশেষ ২০০৮ সালে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান সিএমসি মার্কেটসের প্রধান কৌশল নির্ধারক মাইকেল ম্যাকার্থি বলেন, ‘তেল উৎপাদন নিয়ে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা সন্দিহান। তাঁরা প্রশ্ন তুলেছেন, এখনো উৎপাদন কমানোর বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি এবং কোন কোন দেশ কাজটি করবে, তা-ও বলা হয়নি।

আলজেরিয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে ওপেকের তেলমন্ত্রীরা বিশ্বে দৈনিক তেল উৎপাদনের পরিমাণ সাত লাখ ব্যারেল কমানোর ব্যাপারে একমত হয়েছেন। তবে সংস্থাটির সদস্যদেশগুলো সমানভাবে তা কমাবে কি না, সেটি বলা হয়নি। অন্যদিকে ইরানকে তেল উৎপাদন বাড়ানোর অনুমতি দেওয়া হতে পারে, এমন সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, কোন দেশ কী পরিমাণ তেল উত্তোলন করবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ওপেকের নভেম্বরের বৈঠকে।

ওপেকের সভাপতি ও কাতারের জ্বালানিমন্ত্রী মোহাম্মেদ বিন সালেহ আল-সাদা বলেছেন, ওপেকের সদস্যদেশগুলোর দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলে সীমিত করা হবে।

বর্তমানে ওপেকের সদস্যরা প্রতিদিন ৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার ব্যারেল তেল উৎপাদন করে।

এর আগে ইরান ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মতানৈক্যের কারণে তেলের দাম বাড়াতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ ভেস্তে যায়।

ওপেকের ছোট ছোট সদস্য বছর দুয়েক আগে যখন তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের নিচে নেমে গিয়েছিল, তখন থেকেই চাহিদা কমার বিপরীতে উদ্বৃত্ত সরবরাহের লাগাম টেনে ধরার কথা বলে আসছে; যাতে মূল্য বৃদ্ধি পায়।

তেলের উৎপাদন কমানোর প্রাথমিক সিদ্ধান্তে ওপেকের সদস্যরা বেশ উচ্ছ্বসিত। যেমন এটাকে ইরানের তেলমন্ত্রী বিজান জানগানেহ একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন। নাইজেরিয়ার তেলমন্ত্রী এমানুয়েল আইবে কাচিকো সিদ্ধান্তটিকে ‘অত্যন্ত ইতিবাচক উদ্যোগ’ বলে মন্তব্য করেছেন। আলজেরিয়ার জ্বালানিমন্ত্রী নৌরেদ্দিন বোয়ারফা বলেছেন, এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত, যেখানে রক্ষণশীলতা ছিল না।

ওপেকের সদস্যদেশগুলোতে সম্মিলিতভাবে বিশ্বের মোট তেল উৎপাদনের ৪০ শতাংশের বেশি হয়ে থাকে। সূত্র: বিবিসি, ফরচুনডটকম ও ফোর্বস