বিশ্বে বিলিয়নিয়ার বাড়ছে, ভারতেই ১০০ জন

সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতি একধরনের মন্দার মধ্য দিয়ে চললেও বিলিয়নিয়ারের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। গত এক বছরে বিশ্বে বিলিয়নিয়ারের (১০০ কোটি ডলার বা এর বেশি সম্পদের মালিক) সংখ্যা ১৫৫ বেড়ে দুই হাজার ৩২৫ জনে উন্নীত হয়েছে। এটি গত বছরের দুই হাজার ১৭০ জনের চেয়ে ৭ শতাংশ বেশি এবং এযাবৎকালের সর্বোচ্চ বিলিয়নিয়ারের রেকর্ড।
সমষ্টিতগতভাবে এ বছরের বিলিয়নিয়ারদের নিট সম্পদমূল্য ১২ শতাংশ বেড়ে ৭ দশমিক ৩ ট্রিলিয়নে (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) মার্কিন ডলারে উঠেছে।
ওয়েলথ এক্স ও ইউবিএসের পরিচালিত নতুন এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বুধবার প্রকাশিত এ জরিপে দেখা যায়, এ বছরও বিলিয়নিয়ারের তালিকায় দেশ হিসাবে প্রথম স্থানটি রয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রেরই দখলে। দেশটিতে বর্তমানে মোট ৫৭১ জন বিলিয়নিয়ার আছেন। এর মধ্যে নতুন যোগ হয়েছেন ৫৭ জন।
১৯০ জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। ১৩০ জন নিয়ে যুক্তরাজ্য হয়েছে তৃতীয়।
এদিকে দেশভিত্তিক হিসাবে ১০০ জন বিলিয়নিয়ার নিয়ে ভারত এবার রয়েছে তালিকার ৬ নম্বরে। গত বছরেও দেশটি ১০৩ জন নিয়ে একই অবস্থানে ছিল। দেশটির বিলিয়নিয়ারদের সামষ্টিক নিট সম্পদের পরিমাণ আগের চেয়ে ৫০০ ডলার কমে ১৭ হাজার ৫০০ কোটি ডলারে নেমেছে। এটি শুধু ভারতে বসবাসকারী ধনীদেরই হিসাব।
আঞ্চলিক বা মহাদেশীয় হিসাবে ৭৭৫ জন বিলিয়নিয়ার নিয়ে তালিকার শীর্ষে আছে ইউরোপ। এসব ধনীর নিট সম্পদের মোট মূল্যমান ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ৩৭ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারিবারিক সূত্রে অঢেল বিত্তবৈভব থাকার সুবাদে যেমন অনেকেই বিলিয়নিয়ার, তেমনি স্বীয় উদ্যোগ-প্রচেষ্টায় অনেকেই তা হয়েছেন।’
জরিপ অনুযায়ী এশিয়া ও লাতিন আমেরিকাতেও এবার বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। এর মধ্যে এশিয়ায় নতুন ৫২ ও লাতিন আমেরিকায় ৪২ জন উঠে এসেছেন তালিকায়। আফ্রিকা মহাদেশ ও মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে বিলিয়নিয়ারের সংখ্যা এবার কমেছে, তবে সার্বিকভাবে মোট সম্পদের পরিমাণ বেড়েছে।
গত এক বছরে এশিয়ার ধনীদের নিট সম্পদমূল্য সর্বোচ্চ ১৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। আর ধনীর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। এর মধ্যে নতুন ৫২ জনের নাম যোগ হয়েছে তালিকায়; যাঁদের ৩৩ জনই চীনের।
ওয়েলথ এক্স-ইউবিএসের প্রতিবেদনে রক্ষণশীল পূর্বাভাস হচ্ছে, প্রযুক্তি খাতের ব্যাপক বিকাশের সুবাদে বিশ্বে ২০২০ সাল নাগাদ ‘সুপার রিচ’ বা অঢেল ধনীর সংখ্যা তিন হাজার ৮০০ জন ছাড়িয়ে যাবে। তবে ওই সময়ে এ সংখ্যা চার হাজার ১০০ ছাড়িয়ে যেতে পারে বলেও প্রতিবেদনটিতে আভাস দেওয়া হয়েছে।
সূত্র: সিএনবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ড