বিশ্বে শত কোটিপতি এখন ২১৮৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০১৫ সালে সারা বিশ্বে শত কোটি ডলারের বেশি অর্থসম্পদের মালিক ব্যক্তির সংখ্যা বেড়েছে। বিশ্বে ১০০ কোটি ডলার বা বিলিয়নিয়ার ব্যক্তির সংখ্যা এখন ২ হাজার ১৮৮। গত এক বছরে এমন বিলিয়নিয়ার ব্যক্তির সংখ্যা বেড়েছে ৩১১, যা একটি বিশ্ব রেকর্ডও বটে।
চীনা ম্যাগাজিন হুরুন-এর প্রকাশিত ‘গ্লোবাল রিচ লিস্ট ২০১৬’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বের সর্বোচ্চ ধনীরা কোন দেশের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করেন এমন সব তথ্য নিয়ে হুরুন ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এ তালিকা প্রকাশ করছে।
হুরুন-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বে মোট বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ১৮৮। এর মধ্যে ৫৮৮ জন বিলিয়নিয়ার চীনের নাগরিক, আর ৫৩৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। তালিকার তৃতীয় স্থানে থাকা ভারতের বিলিয়নিয়ারের সংখ্যা ১১১। ধনকুবের সংখ্যায় এই বছরই প্রথম যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েছে চীন। ১ নম্বরে আসতে ২০১৫ সালে চীনে নতুন বিলিয়নিয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯০ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে এমন ধনকুবেরের সংখ্যা দুজন কমেছে। এই তালিকায় শীর্ষ দশে থাকা অন্য দেশ হলো যথাক্রমে জার্মানি, যুক্তরাজ্য, রাশিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল ও জাপান।
হুরুন-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালে ১ হাজার ১৯ জন বিলিয়নিয়ার ব্যক্তির সম্পদ বেড়েছে। একই সময়ে সম্পদ কমেছে ৭২৯ জনের। আর তালিকা থেকে বাদ পড়েছেন ১০২ জন।
সারা বিশ্বে বিলিয়নিয়ারদের মোট সংখ্যার একটি বড় অংশের বসবাস মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এ জন্য নিউইয়র্ককে বলা হয় বিলিয়নিয়ারদের ‘বিশ্ব রাজধানী’। তবে বিলিয়নিয়ার সংখ্যায় মার্কিন এই শহরকে পেছনে ফেলে ধনকুবেরদের ‘বিশ্ব রাজধানীর’ গৌরব এবার ছিনিয়ে নিয়েছে চীনের রাজধানী বেইজিং। বেইজিংয়ে বিলিয়নিয়ারের সংখ্যা এখন ১০০, আর নিউইয়র্কে ৯৫। ৬৬ ধনকুবের নিয়ে এ তালিকার তৃতীয় স্থানে আছে রাশিয়ার রাজধানী মস্কো।
হুরুন-এর তালিকায় সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। শীর্ষ ধনীর তালিকায় ১৮ ধাপ এগিয়ে এসে বেজোস স্থান পেয়েছেন ৪ নম্বরে। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ডলার, গত এক বছরে সম্পদ বেড়েছে ২ হাজার ৪০০ কোটি ডলার। ৮০ বিলিয়ন ডলার নিয়ে এ তালিকায় যথারীতি শীর্ষে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আর ৬৮ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিনিয়োগগুরু ওয়ারেন বাফেট। তবে গত এক বছরে তাঁদের সম্পদ যথাক্রমে ৬ ও ১১ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার নির্বাচনী লড়াইয়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্পদ গত এক বছরে পাঁচ বিলিয়ন ডলার বেড়েছে।