বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ১০টি নৈশবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়েই ফুটপাতে বাজার বসে; যেখানে সচরাচর ক্রেতাদের ভিড় থাকে। কেনাবেচাও হয় ব্যাপক দরাদরির মধ্যে। এতে কোনো নতুনত্ব নেই। কিন্তু দিন শেষে গোধূলির হাত ধরে যখন অন্ধকার নেমে আসে, তখনই যদি নাইট মার্কেট বা নৈশবাজার বসে, সেটাকে তো আকর্ষণীয় ও বিশেষ কিছু বলতেই হয়।
রাতে বসা এসব বাজারের বিক্রেতারা পোশাক-আশাক, ভেষজ ওষুধ থেকে শুরু করে সবচেয়ে ভালো মানের খাবার, বিনোদনের ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রায় সব পণ্যেরই ঠাসাঠাসি পসরা সাজিয়ে বসেন।
বিশ্বের অনেক দেশেই গড়ে উঠেছে নাইট মার্কেট বা নৈশবাজারের সংস্কৃতি। এ ধরনের সবচেয়ে আকর্ষণীয় ১০টি বাজারের তথ্য তুলে ধরা হলো:
পেটালিং স্ট্রিট ও টুঙ্কু আবদুল রহমান, মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেটালিং স্ট্রিট ও লোরং টুঙ্কু আবদুল রহমান নামে দুটি নৈশবাজার রয়েছে। এর মধ্যে লোরংয়ে স্থানীয় মুসলমানদের ব্যবহার্য বিভিন্ন ধরনের জামাকাপড় ও পোশাক এবং পেটালিংয়ে সব ধরনের পণ্য বিক্রি হয়।
টেম্পল স্ট্রিট, হংকং: হংকংয়ের কাউলুন উপদ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত এই নৈশবাজারে পাঁচটি ব্লকে পণ্য কেনাবেচা হয়। আলো-ঝলমল এই বাজারে অবশ্য নানা ধরনের পণ্যের পাশাপাশি ‘নৈশ বিনোদনও’ কেনাবেচা হয়। অর্থাৎ বারবনিতা বা যৌনকর্মীদেরও প্রচুর সমাগম ঘটে এখানে। সেই সঙ্গে গণক বা জ্যোতিষেরাও হাত দেখে ভাগ্য বলার নামে কৌশলে ক্রেতা-দর্শনার্থীদের টাকাকড়ি হাতিয়ে নেয়।
লং প্রাবাং, লাওস: লাওসের নৈশবাজার লং প্রাবাং প্রায় আধা মাইল লম্বা। এই বাজারে পালকের তৈরি লেপ, বালিশ ও বালিশের কাভার ছাড়া বিভিন্ন স্যুভেনির বা স্মারকপণ্য বেশ সস্তায় কিনতে পাওয়া যায়। তবে সেখানে বিপজ্জনক প্রাণীর চামড়া, গজদন্ত বা হাতির দাঁত এবং ইগলজাতীয় পাখির নখরও বিক্রি হয়।
টেক্কা মার্কেট, সিঙ্গাপুর: সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার টেক্কা মার্কেট বেশ শিহরণজাগানিয়া। এতে ঢোকামাত্রই নাক ভরে যায় জুঁই ফুলের গন্ধে। তবে কান ঝালাপালা হয়ে ওঠে চিৎকার-চেঁচামেচিতে। এটাকে ট্রেজার ট্রোভ বা ধনভান্ডারও বলা হয়ে থাকে, যেখানে প্রসাধনী, আয়ুর্বেদিক তেল, চুড়ি-মল-অলংকারের বাক্স, সাজসজ্জার পণ্যসামগ্রী, তাজা শাকসবজি, মাছ-মাংস, ফুল-ফল সবই কেনাবেচা হয়।
ভিক্টোরিয়া মার্কেট, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকার ডারবানের ভিক্টোরিয়া স্ট্রিট মার্কেট এখন একটি ঐতিহাসিক নিদর্শনও বটে। কারণ, ১৯১০ সালে এক রাজপ্রাসাদে এটি প্রতিষ্ঠা করা হয়। এই বাজারে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন পণ্য ও খাদ্য কেনাবেচা হয়।
উবুদ, ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের গায়নারের উবুদ নৈশবাজার ক্রেতাদের স্বর্গ হিসেবে বিবেচিত। এই বাজারের বিশেষত্ব হলো, এটি ভোজনবিলাসীদের জন্য খুবই চমৎকার একটি জায়গা; যেখানে বাড়িতে তৈরি খাদ্যসহ নানা রকমের খাবার-দাবার পাওয়া যায়।
অদ্রিক্স নাইট মার্কেট, ফ্রান্স: ঐতিহ্যগতভাবে ফ্রান্স শিল্পশৈলীর জন্য খ্যাত; যা দেশটির নৈশবাজার অদ্রিক্স নাইট মার্কেটেও দৃশ্যমান। বাজারের অন্যতম আকর্ষণ হলো আঞ্চলিক খাবার, মদ, ভেড়ার মাংস, তাজা আখরোট ইত্যাদি।
ইন্টারন্যাশনাল সামার নাইট মার্কেট, কানাডা: কানাডীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার রিচমন্ডে গড়ে উঠেছে ইন্টারন্যাশনাল সামার নাইট মার্কেট। এটি ইতালি, থাইল্যান্ড, চীনসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খাদ্যপণ্যের জন্য বিখ্যাত। যে কারণে বাজারটি সম্পর্কে বলা হয় যে আগে খেয়ে নাও, পরে কেনাকাটা করো।
কুইন ভিক্টোরিয়া মার্কেট, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নের নৈশবাজারটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভিক্টোরিয়া নাইট মার্কেট নামে চলে। বিশেষ করে বুধবারে এটির নাম হয়ে যায় সুজুকি নাইট মার্কেট। এই বাজার নৈশভোজসহ রাতভর অ্যালকোহল বা মদের পার্টিতে বেশ সরব থাকে।
ইয়ামাশিরো ফারমার্স মার্কেট, ইউএসএ: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইয়ামাশিরো ফারমার্স মার্কেট ‘খাবারের স্বর্গ’ এবং প্রেমিক জুটিদের ডেটিংয়ের স্থান হিসেবে পরিচিত। নগদ অর্থ পকেটে পুরে তবেই ভোক্তাদের এই নৈশবাজারে যেতে হয়। কারণ, বাজারটির অধিকাংশ বিক্রেতাই ক্রেডিট কার্ডে খাবারের দাম নেন না।
সূত্র: ইয়াহু!