বেকারত্বে বিভ্রান্ত বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত দেশগুলো বেকারত্ব পরিস্থিতি নিয়ে স্বস্তিতে নেই। যুক্তরাষ্ট্রে এখন বেকারত্বের হার ৬ দশমিক ১ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নে তা ১১ দশমিক ৫ শতাংশ। আর আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুসারে, গত বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা ছিল ২০ কোটি ২০ লাখের ওপরে।

এ রকম অবস্থায় যুক্তরাষ্ট্রের ওয়াইমিং রাজ্যের জ্যাকসন হোল এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের ধনী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকপ্রধানদের সম্মেলন। এই সম্মেলনে বিশ্ব শ্রমবাজারের বর্তমান অবস্থাই বারবার আলোচনায় উঠে এল। গুরুত্ব পেল আর্থিক মন্দার পর ধনী দেশগুলোর কর্মসংস্থান পরিস্থিতি।

কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্ণধারেরা বেকারত্ব পরিস্থিতি থেকে উত্তরণের কোনো কার্যকর পথ খুঁজে পেলেন না। বরং কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পদক্ষেপই গবেষকদের প্রশ্নের মুখে পড়ল। 

সম্মেলনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাঘি ইউরোপের বেকারত্ব সমস্যাকে কাঠামোগত হিসেবে চিহ্নিত করে বলেন, খুব দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর্থিক মন্দা কাটিয়ে উঠতে পারার সঙ্গে সঙ্গে বেকারত্ব সমস্যাও দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম। কেননা, এখানে বেকারত্ব মূলত ঘুরে ঘুরে বা অর্থনীতির ওঠানামার সঙ্গে মিলিয়ে বাড়ে বা কমে।

তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলিন কিছু প্রশ্নের মুখে পড়েন। যেমন, কী পরিমাণ লোক আর্থিক মন্দার কারণে অগ্রিম অবসর নিয়েছে? মাঝারি দক্ষতার কাজ কমে যাওয়ার কারণেই কি অস্থায়ী চাকরির পরিমাণ বেড়েছে? মন্দার কারণে অনেক প্রতিষ্ঠান বর্তমান হারে শ্রমিকদের মজুরি কমানোর গোপন পরিকল্পনা করছে? তিনি এ সময় বলেন, বেকারত্বের কারণে শ্রমবাজার বর্তমানে একটি জটিল সময় অতিক্রম করছে।

ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর বেন ব্রডবেন্ট বলেন, কাজের ধরন ও প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা যুক্তরাজ্যের পরিস্থিতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু কর্মদক্ষতার সামান্য উন্নতিতে বলা সম্ভব নয় যে অর্থনীতি সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জন করেছে।

এবারের সম্মেলনে শ্রমবাজারের সঙ্গে মুদ্রানীতির সম্পর্কের বিষয়ে নতুন বিশ্লেষণ কমই এসেছে। ফেড আয়োজিত জ্যাকসন হোলের আগের সম্মেলনগুলোতে উপস্থাপিত অনেক গবেষণাপত্র মাইলফলক স্থাপন করলেও এবার তা অনেকটাই কমে এসেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন ডেভিস এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হালটিওয়াঙ্গার তথ্য-উপাত্ত দিয়ে বলেন, শ্রমিক ও কর্মসংস্থান কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই মন্দার সময়ের মতো হয়ে যাচ্ছে। এর মানে নতুন কর্মসংস্থান তৈরির হার বাড়ছে না। অন্যদিকে যত চাকরি আছে, সেগুলোও কমে যাচ্ছে। দুই অধ্যাপকের মতে, তাঁদের গবেষণা সত্যি হলে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরির হার যে পরিমাণে বাড়বে বলা হচ্ছে, তা কোনোভাবেই অর্জিত হবে না।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক টিল ফন ওয়েস্টারের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, যাঁরা দীর্ঘ সময় কাজের বাইরে আছেন, তাঁদের এ রকম থাকার প্রবণতা গত শতাব্দীর ত্রিশের দশকের মহামন্দা ও অন্যান্য মন্দার চেয়ে খুব একটা ব্যতিক্রম নয়।

কর্মহীন থাকার এই চিত্র স্থায়ী বেকারত্বের পরিমাণ বাড়াবে। এর পাশাপাশি এটি একজন কর্মীর দক্ষতা কমিয়ে দিচ্ছে, যা তাঁকে স্থায়ীভাবে কর্মহীন করে তুলবে। ওয়েস্টারের গবেষণায় এ ব্যাপারটির পাশাপাশি সংকট মোকাবিলায় ফেডের পদক্ষেপকেও অকার্যকর বলা হয়েছে।

জ্যাকসন হোল সম্মেলনের আরেকটি আলোচিত বিষয় ছিল বিশ্বজুড়ে শ্রমবাজারের পার্থক্য।

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হারুহিকো কুরুদা বলেন, এখনকার বেকারত্ব পরিস্থিতি ২০ বছর আগের মতো নয়। তখন পরিস্থিতি খারাপ ছিল, তবে এখনকার মতো অনিশ্চিত নয়। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্যয় সংকোচন নীতি অনুযায়ী চলছে, কারণ উৎপাদিত পণ্য বা সেবার মূল্য দিন দিন কমে যাচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ পূর্বাভাস দিয়েছে, যদি দেশে বেকারত্ব বৃদ্ধিতে গত এক দশকের গড় হার বজায় থাকে, তাহলে ২০১৫ সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা ৩৩ লাখে দাঁড়াতে পারে৷

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুসারে, ২০১০ সালে দেশে বেকার মানুষের সংখ্যা ছিল ২৬ লাখ৷ আর ২০০০ সালে ছিল ১৭ লাখ৷ ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্ষিক বেকারত্ব বৃদ্ধির গড় হার ছিল ৫ দশমিক ২৯ শতাংশ ৷ সেই ধারাবাহিকতায় আগামী বছর বেকার মানুষের সংখ্যা ৩৩ লাখ হতে পারে৷

প্রকৃত পরিস্থিতি অবশ্য জানা যাবে আরও বছর খানেক পর, যখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শ্রমশক্তির ২০১৫ সালের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত প্রকাশ করবে৷

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস