বেজোস-মাস্কের এক বছরের সম্পদ দিয়ে কী কী হয়
বিদায়ী বছরে দুই ধনকুবের জেফ বেজোস ও এলন মাস্ক যে সম্পদ বাড়িয়েছেন, তা দিয়ে লাখ লাখ মার্কিন নাগরিককে প্রণোদনা দেওয়া সম্ভব। এক বছরে তাঁদের সম্পদ বেড়েছে ২১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এই পরিমাণ অর্থ দিয়ে প্রায় ১০ লাখ মানুষকে ২ হাজার ডলার করে দেওয়া সম্ভব। বিজনেস ইনসাইডের এক প্রতিবেদনে এ মজার তথ্য উঠে এসেছে।
অনলাইনের চাহিদা বাড়ায় বিদায়ী বছরে ই–কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ একেবারে ফুলেফেঁপে উঠেছে। অন্যদিকে, প্রথমে বিক্রি কমে গেলেও বছরের শেষের দিকে এসে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার বিক্রি বেড়েছে ব্যাপক, সেই তালে তালে বেড়েছে শেয়ারের দর। ফলে, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্কও বেশ মোটা সম্পদ গড়েছেন বিদায়ী বছরে। দুজনের একত্রে যে সম্পদ বেড়েছে, হিসাব করলে দেখা যায়, তা দিয়ে ১০ লাখের বেশি মার্কিন নাগরিককে ২ হাজার ডলার করে চেক দেওয়া সম্ভব।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের সম্পদের পরিমাণ এখন ১৯০ বিলিয়ন ডলার। অন্যদিকে, টেসলার এলন মাস্কের সম্পদের পরিমাণ ১৭০ বিলিয়ন ডলার, বর্তমানে বিল গেটসকে ছাড়িয়ে গেছেন এলন। মূলত, ২০২০ সালেই মাস্কের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে। টেসলার ৭৫ শতাংশ শেয়ার এখন তাঁর হাতে।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, দুই ধনকুবেরের সম্পদের এই হিসাব–নিকাশের বিষয়টি এসেছে এ কারণে যে করোনভাইরাস মহামারি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অসংখ্য মানুষকে। কাজ হারিয়ে বেকার লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষ এখন অপেক্ষা করে রয়েছেন আরেক প্রণোদনা পেতে কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। গত মার্চে কংগ্রেস প্রথম প্রণোদনা প্যাকেজ পাস করে, এতে সরাসরি প্রত্যেক মার্কিন নাগরিককে ১ হাজার ২০০ ডলার করে নগদ দেওয়া হয়। এর পর দ্বিতীয় প্রণোদনা চেক পাওয়ার জন্য নয় মাস অপেক্ষা করেছে মানুষ। অবশেষে ডিসেম্বরে, কংগ্রেস দ্বিতীয় ত্রাণ প্যাকেজ–সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী এবার করদাতারা ৬০০ ডলারের প্রণোদনা পেতে পারেন। কিন্তু এই প্রণোদনা প্যাকেজ নিয়ে বড় জটিলতা শুরু হয়েছে, কারণ ডেমোক্র্যাটরা চাইছেন মানুষের জন্য ২ হাজার ডলারের প্রণোদনা।