বেতন বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি ছাড়ার হিড়িক পড়েছে পশ্চিমা বিশ্বে। চাকরি ছাড়ার পেছনে বেতন বড় একটি বিষয়, মূলত এ কারণেই মানুষ নতুন চাকরি খোঁজেন। তবে বেতনের পাশাপাশি আরও বিভিন্ন কারণে মানুষ নতুন চাকরি খোঁজেন। এ রকম চারটি কারণ হলো—চাকরিতে পূর্ণাঙ্গতার অভাব, কাজের সময় নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে না পারা, দলনেতা কর্মীদের প্রতি যত্নশীল নন, ব্যবস্থাপকেরা কর্মীদের কথা শোনেন না।

তবে পশ্চিমা পৃথিবীতে বেতন বৃদ্ধির দাবি ক্রমেই জোরালো হচ্ছে। সামগ্রিকভাবে ৩৫ শতাংশ কর্মীর পরিকল্পনা, আগামী এক বছরের মধ্যে তঁারা নিয়োগকর্তার কাছে বেতন বৃদ্ধির আবেদন করবেন। তবে বেতন বৃদ্ধির দাবি বেশি জোরালো প্রযুক্তি খাতে। এ খাতের ৪৪ শতাংশ কর্মী বেতন বৃদ্ধির আবেদন করবেন। আর সরকারি চাকরিজীবীদের মধ্যে ২৫ শতাংশ বেতন বৃদ্ধির আবেদন করবেন বলে জরিপের তথ্যে উঠে এসেছে।

প্রাইসওয়াটারহাউসকুপার্সের এক জরিপে এসব তথ্য পাওয়া গেছে। ‘গ্লোবাল ওয়ার্কফোর্স হোপস অ্যান্ড ফিয়ার্স সার্ভে ২০২২’ শীর্ষক এই জরিপ ৫২ হাজার ১৯৫ জন ব্যক্তির ওপর পরিচালনা করা হয়েছে।

মহামারির পর উচ্চ মূল্যস্ফীতির যুগ চলছে এখন। ইউরোপ ও আমেরিকার বেশির ভাগ দেশেই এখন রেকর্ড মূল্যস্ফীতি বিরাজ করছে। এই পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির দাবি যুক্তিসংগত বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবে বেতন বৃদ্ধির সঙ্গে মানুষের মধ্যে আপন শক্তিতে জ্বলে ওঠার প্রবণতাও লক্ষ্য করার মতো। মানুষ এখন চাকরির উদ্দেশ্য-লক্ষ্য ও তার মধ্যে আত্মসত্তার স্ফুরণ দেখতে চায়। চাকরির কাজে তারা পুরোপুরি নিজেকে ঢেলে দিতে পারছে কি না, বা সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রয়োগ করতে পারছে কি না, এসবও বিবেচনা করতে শুরু করেছে। সেই সঙ্গে মহামারির মধ্যে দীর্ঘ সময় ঘর থেকে কাজ করার কারণে মানুষের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই আর সশরীর কাজ করতে চান না এবং স্রেফ এ কারণেও অনেকে চাকরি ছেড়েছেন।

পিডব্লিউসির বৈশ্বিক চেয়ারম্যান বব মরিৎজ প্রতিবেদন সম্পর্কে বলেছেন, ‘আমাদের জরিপের ফলাফল কিন্তু খুব পরিষ্কার—উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিজেদের ভবিষ্যৎ কাজ সম্পর্কে উদ্বিগ্ন, কর্ম–নিরাপত্তা নিয়েও উদ্বেগ আছে।’

প্রতিবেদনে বলা হয়, দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। তাঁদের মধ্যেই বেতন বৃদ্ধির আবেদন করার প্রবণতা সবচেয়ে বেশি। তাঁরা চায়, ব্যবস্থাপকেরা তাঁদের কথা শুনুক। আর যাঁদের দক্ষতা কম, কর্মক্ষেত্রে তাঁদের শক্তি/ক্ষমতাও কম।

কয়েকটি খাতের কর্মীরা মনে করেন, তাঁদের যে দক্ষতা আছে, তা খুব বেশি মানুষের নেই। সে জন্য তাঁরা নিজেদের দর বৃদ্ধিতেও তৎপর। এই খাতগুলো হলো: স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, গণমাধ্যম ও টেলিযোগাযোগ।

বব মরিৎজ আরও বলেন, এই মানুষেরা মনে করেন, তাদের সেই দক্ষতা আছে। ফলে তারা নতুন ও ভিন্ন সুযোগের সন্ধান করবেনই। তারা অনেক আত্মবিশ্বাসী। ফলে বেতন বৃদ্ধির দাবি তোলার ব্যাপারেও তারা অনেক অগ্রসর। আরেকটি বিষয় হলো, নিজেদের লক্ষ্য সম্পর্কেও তাঁরা অনেক বেশি সচেতন, তাঁরা বিশ্বাস করেন, আত্মশক্তির প্রয়োগ তাঁরা করছেন।