বেশি অর্থ পাচার মাদক সংশ্লিষ্ট দেশ থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের ব্যবসার সঙ্গে অর্থ পাচারের সম্পর্কটি অনেক পুরোনো। যেসব দেশ মাদক উৎপাদন করে বা মাদক আমদানি-রপ্তানির ট্রানজিট দেশ হিসেবে কাজ করে, সেসব দেশ থেকে টাকা পাচারের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা পাচার নিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
মাদক উৎপাদক বা ট্রানজিট দেশগুলো থেকে বেশি হারে টাকা পাচার হওয়ার কারণ সম্পর্কে জিএফআই বলছে, পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ভুয়া চালান বা ট্রেড মিসইনভয়েসিং করে মূলত বিভিন্ন দেশ থেকে টাকা পাচার হয়। মাদক উৎপাদনকারী বা মাদক আনা-নেওয়ার ট্রানজিট দেশগুলোর ট্রেড মিসইনভয়েসিং করার প্রবণতা বেশি। এর কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, নিষিদ্ধ পণ্য হিসেবে মাদক আমদানি-রপ্তানিতে ট্রেড মিসইনভয়েসিং করা ছাড়া এ কাজে জড়িতদের আর কোনো উপায় থাকে না।
মাদক উৎপাদনকারী বা মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হওয়া ২২টি দেশের পরিসংখ্যান জিএফআইয়ের গবেষণায় আনা হয়েছে। এ বিষয়ে তুলনামূলক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উন্নয়নশীল দেশ থেকে গড়ে যেখানে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধিতে টাকা পাচার হচ্ছে, সেখানে মাদকের ট্রানজিট বা উৎপাদনকারী দেশগুলোতে পাচার হওয়া টাকার বার্ষিক গড় প্রবৃদ্ধি ৮ দশমিক ৮ শতাংশ।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি মাদক উৎপাদনের কাজে জড়িত দেশের চেয়ে ট্রানজিট দেশগুলোতে টাকা পাচারের পরিমাণ অনেক বেশি। উদাহরণ হিসেবে মাদক উৎপাদনকারী দেশ আফগানিস্তান বা কলম্বিয়ার তুলনায় ট্রানজিট দেশ বাহামাস, কোস্টারিকায় ট্রেড ইনভয়েসিংয়ের মাধ্যমে অনেক বেশি টাকা পাচার হওয়ার বিষয়টি দেখানো হয়েছে।
মাদকের জন্য পৃথিবীব্যাপী পরিচিত দুটি দেশ হলো আফগানিস্তান ও কলম্বিয়া। এ দুই দেশে মোট পণ্য বাণিজ্যের ২-৩ শতাংশ ভুয়া চালানের মাধ্যমে সম্পন্ন হয়। সে তুলনায় মাদকের ট্রানজিট দেশ কোস্টারিকার মোট পণ্য বাণিজ্যের ৫০ শতাংশ সম্পন্ন হয় ভুয়া চালান বা ট্রেড মিসইনভয়েসিং দিয়ে। ভারতের মতো দেশেও এর হার ১০ শতাংশ।
বিষয়টির কারণ ব্যাখ্যায় জিএফআই বলছে, ট্রানজিট দেশগুলোতে মাদক পাচারকারী মাফিয়ারা অনেক বেশি সক্রিয়। মাদক লেনদেনের সিংহভাগ অর্থের লেনদেনই ট্রানজিট দেশগুলো থেকে নিয়ন্ত্রিত হয়। তাই সংগত কারণেই এসব দেশে পাচার হওয়া টাকার পরিমাণ বেশি।
মাদকের মাধ্যমে টাকা পাচার ঠেকাতে ব্যর্থতার জন্য অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে জিএফআই। অর্থের পাচার ঠেকাতে করণীয় সম্পর্কে উন্নয়নশীল সব দেশে ন্যূনতম মানের অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে গবেষণায়। টাকার পাচার ঠেকাতে শক্তিশালী মানি লন্ডারিং আইন প্রণয়ন ও বাস্তবায়নেও সব দেশকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়।
পণ্য আমদানি-রপ্তানিতে ভুয়া চালানের ব্যবহার ঠেকাতে শুল্ক কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোয় পদক্ষেপ নিতে জোর দিয়েছে জিএফআই। উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট ওইসিডি ও জি-২০ দেশগুলোর অনুমোদিত কর-সংক্রান্ত তথ্য বিনিময়ে সব দেশকে একযোগে কাজ করার গুরুত্ব দিয়ে গবেষণা সংস্থাটি বলছে, বিভিন্ন দেশ কর ফাঁকির তথ্য বেশি করে বিনিময় করলে অর্থের পাচার অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

মিথ্যা চালান দেখিয়ে অর্থ পাচারে শীর্ষ
১০ দেশ

দেশ মোট পণ্য বাণিজ্যের %
বাহামা ৫১.৩
কোস্টারিকা ৪৯.৫
নিকারাগুয়া ৪৮.৮
হন্ডুরাস ৪৫.৪
পানামা ২২.৪
এলসালভাদর ১২.২
বেলিজ ১২
ভারত ১০.৩
গুয়েতেমালা ৯.৪
লাওস ৯.৭