বৈশ্বিক শেয়ারবাজারে পতন, কমেছে মার্কিন ডলারের দামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ার স্বাস্থ্য কর্মসূচি বাতিলে ব্যর্থ হয়ে কর সংস্কার ও অবকাঠামো খাতে ব্যয়ের নতুন নীতি চালুর ঘোষণা দেওয়ায় গতকাল সোমবার বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন বৈশ্বিক শেয়ারবাজারে মূল্যসূচক পড়েছে, প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার কমেছে। তবে বেড়েছে সোনার দাম।
ইউরোপে গতকাল যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক এফটিএসই ১০০ ও জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স ৩০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ, ফ্রান্সের প্যারিস সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৩ শতাংশ এবং ইউরো অঞ্চলের ব্লু চিফ বা নামীদামি শেয়ারগুলোর সূচক ইউরো স্টক্স ৫০ শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।
এশিয়ায় জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ২৫ শতাংশ, হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ৭ শতাংশ, চীনে সাংহাই সমন্বিত সূচক শূন্য দশমিক ১ শতাংশ পড়ে গেছে। আর যুক্তরাষ্ট্রে নিউইয়র্কভিত্তিক ডাউজোন্স সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে।
গতকাল বৈশ্বিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইউরোপের একক মুদ্রা ইউরো ও ব্রিটিশ পাউন্ডের দাম বেড়েছে। এতে ডলারের বিপরীতে প্রতি ইউরো ও পাউন্ডের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ১ দশমিক শূন্য ৯ ডলার ও ১ দশমিক ২৬ ডলার। জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে কমেছে ডলারের দাম। প্রতি ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১১০ দশমিক ৩২ ইয়েন।
আগের দিন রোববার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও গতকাল তা কমেছে। এদিন লন্ডনভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ দশমিক ৫১ ডলারে এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ব্র্যান্ডের জ্বালানি তেলের দাম ৪৭ দশমিক ৫৩ ডলারে নেমেছে। রোববার এই দর ছিল যথাক্রমে ৫০ দশমিক ৭৬ ডলার ও ৪৭ দশমিক ৯৭ ডলার।
এদিকে বৈশ্বিক শেয়ারবাজারে পতন এবং মার্কিন ডলারের বিনিময় হারে পতনের পরিস্থিতিতে গতকাল সোনার দাম ১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ২৫৬ দশমিক ২০ ডলারে উঠেছে, যা গত ২৮ ফেব্রুয়ারি-পরবর্তী এক মাসের মধ্যে সর্বোচ্চ।
একইভাবে বেড়েছে রৌপ্য, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম। এর মধ্যে প্রতি আউন্স রৌপ্যের দাম বেড়ে ১৭ দশমিক ৮৫ ডলারে, প্লাটিনাম ৯৬৮ ডলার ও প্যালাডিয়াম ৮০৯ দশমিক ৩০ ডলারে উঠেছে।