ব্যবসা বাড়াতে শ্রম আইন সংশোধন করল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে বিশ্ববাণিজ্যের উৎপাদন কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শ্রম আইন সংশোধন করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে এবং কারখানাগুলোতে শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শকদের অহেতুক হয়রানি বন্ধে এ সংশোধনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি এ ঘোষণা দেন।
ব্যবসা-বাণিজ্য পরিচালনার প্রক্রিয়াকে সহজ করার উদ্দেশ্যেই আইনটি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। ভারতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) উৎপাদন খাতের অবদান মাত্র ১৫ শতাংশ; যেটাকে ২৫ শতাংশে উন্নীত করতে চায় সেই দেশের সরকার।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী, এখন থেকে কোনো শিল্পকারখানা পরিদর্শনের ৭২ ঘণ্টার মধ্যেই এর ওপর প্রতিবেদন প্রকাশ করতে হবে শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। বিদ্যমান শ্রম আইনে এই সুযোগ ছিল না। এ ছাড়া শ্রম কারখানা পরিদর্শনের বিষয়েও এত দিন কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। সংশোধিত আইনে পরিদর্শন নীতিমালাও নির্দিষ্ট করা হয়েছে। এর ফলে শিল্পমালিকেরা কারখানা পরিদর্শকের অহেতুক হয়রানি থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
নতুন এই আইনের সংশোধনী তাৎক্ষণিকভাবে দেশটির এক হাজার ৮০০ কারখানা পরিদর্শককে মুঠোফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানায় দেশটির শ্রম মন্ত্রণালয়।
বিশ্লেষকেরা বলছেন, ভারতে প্রচলিত বেশির ভাগ আইনই ব্রিটিশ আমলে প্রণয়ন করা। শিল্প খাতকে এগিয়ে নিতে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে শতবর্ষের পুরোনো এসব আইন সংশোধনের কোনো বিকল্প নেই।
সূত্র: বিবিসি