ব্যবসা বাড়াতে এশিয়াকে গুরুত্ব টার্কিশ এয়ারের

জাপান, ভারতসহ এশিয়ার আরও বেশি শহরে কার্যক্রম (ফ্লাইট) বাড়ানোর পরিকল্পনা করছে তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস। ব্যবসা বাড়ানোর জন্য এশিয়া অঞ্চলকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।
টার্কিশ এয়ারলাইনসের বোর্ড ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এম ইলকের আইজে ৬ সেপ্টেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন। এতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ ১৮টি দেশের ৯৫ জন সাংবাদিক অংশ নেন। এর আগে সাংবাদিকদের ঘুরে দেখানো হয় ফ্লাইট ট্রেনিং সেন্টার ও বিমানের খাবার তৈরির প্রতিষ্ঠান ডু অ্যান্ড কো-এর কার্যক্রম।
ইলকের আইজে বলেন, ‘আমরা ভারত ও জাপানসহ এশিয়ার পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। দেশ দুটির আরও শহরে ফ্লাইট বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এ জন্য যাত্রী আকর্ষণে নতুন সেবার বিকাশ ঘটাচ্ছি। কেবিন ক্রুদের তৈরি করা হচ্ছে জাপানসহ পূর্ব প্রান্তের দেশগুলোর ভাষায় পারদর্শী করে, যাতে তাঁরা যাত্রীদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন। আমরা যাত্রীদের শুধু গ্রাহক নয়, অতিথি হিসেবে গণ্য করছি।’
টার্কিশ এয়ারের চেয়ারম্যান আরও বলেন, ‘টার্কিশ এয়ার এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান সংস্থা। যাতায়াত করছে বিশ্বের সর্বাধিক সংখ্যক গন্তব্যে। আশা করছি যাত্রী পরিবহনে শিগগির ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও হিথ্রো বিমানবন্দরকে অতিক্রম করব।’
অনুষ্ঠানে চেয়ারম্যান জানান, ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বৃহৎ বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক সরকার। এটির যাত্রী ধারণক্ষমতা হবে বছরে ১৫ কোটি। যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ২০১৮ সালে আংশিক চালু হবে। পুরোপুরি কার্যক্রম চলবে ২০২৮ সাল থেকে।
ইলকের আইজে বলেন, ‘আমরা বিশ্বাস করি নতুন এই বিমানবন্দর পুরো পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। নতুন এই বিমানবন্দরের অবস্থান ইস্তাম্বুলের ইউরোপিয়ান অংশের কৃষ্ণসাগর উপকূলে। মূল শহর থেকে দূরত্ব ২২ মাইল। বর্তমান আতাতুর্ক বিমানবন্দরও ইউরোপিয়ান অংশে অবস্থিত। কিন্তু এটি শহর দ্বারা পরিবেষ্টিত হওয়ায় নতুন রানওয়ে নির্মাণের জায়গা নেই। এটি ভবিষ্যতের ক্রমবর্ধমান যাত্রী পরিবহন সামলাতে পারবে না।
বর্তমান আতাতুর্ক বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টের পাশাপাশি ২০১৫ সালে ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে। ইস্তাম্বুলের দুটি বিমানবন্দরে ২০১৪ সালে আট কোটি যাত্রীকে সেবা দেওয়া হয়, যা ২০১৫ সালে দাঁড়ায় নয় কোটি।
সাম্প্রতিক সময়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাবলি সম্পর্কে চেয়ারম্যান বলেন, সন্ত্রাসী হামলা ও সেনা অভ্যুত্থান-চেষ্টা সত্ত্বেও ইস্তাম্বুল আতাতুর্ক বিমানবন্দরের ব্যস্ততা দিন দিন বাড়ছে। ইস্তাম্বুল এখন নিরাপদ। পর্যটকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারবেন।
উল্লেখ্য, টার্কিশ এয়ারলাইনস উয়েফা ইউরো ২০১৬-এর বিমান অংশীদার। এ ছাড়া এ বছরসহ ষষ্ঠবারের মতো ইউরোপের সেরা এয়ারলাইনসের খেতাব পেয়েছে সংস্থাটি।